শ্যামনগরে চোরাই স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৩

ফন্ট সাইজ:

সাতক্ষীরার শ্যামনগরে চুরি হওয়া ৯ লক্ষাধিক টাকার স্বর্ণালংকার উদ্ধারসহ তিন আসামিকে গ্রেপ্তার করেছে শ্যামনগর থানা পুলিশ। জানা যায়, গত ১০ই ফেব্রুয়ারি রাতে উপজেলা সদরের ফুলতলা মাজাট এলাকার ব্যবসায়ী মোদাচ্ছের আলম লিটনের বাড়ি থেকে নগদ ২ লাখ ৭০ হাজার টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালংকার চুরি হয়। ঘটনার পর শ্যামনগর থানায় একটি মামলা দায়ের করা হলে পুলিশ মালামাল উদ্ধার ও আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে। পরে গতকাল রাতে ঢাকার আশুলিয়া থানার বাগবাড়ি এলাকা থেকে সন্দেহভাজন শ্যামনগর সদরের ফুলতলা মাজাট গ্রামের শেখ জাকির হোসেনের ছেলে সাইফুল ইসলাম (৩৮)কে গ্রেপ্তার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত সাইফুল জানান, চোরাইকৃত স্বর্ণালংকার তার ভাই শেখ শিমুল হোসেন (৩০) এর কাছে রয়েছে। পরবর্তীতে পুলিশ তাকে নিয়ে মানিকগঞ্জের সাটুরিয়া থানার নয়াডিঙ্গি গ্রামে শিমুলের ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত শিমুল জানান, স্বর্ণালংকারগুলো তার বোন জাকিয়া সুলতানার কাছে আছে। পরে পুলিশ তাদেরকে নিয়ে মানিকগঞ্জ সদর থানার জায়গির এলাকায় জাকিয়ার ভাড়া বাসায় অভিযান চালায়। পরে তার ঘর থেকে থেকে ১ জোড়া স্বর্ণের রুলি, ১টি স্বর্ণের নেকলেসসহ এসব স্বর্ণালংকার উদ্ধার করে।
উদ্ধারকৃত স্বর্ণালংকারের আনুমানিক বাজার মূল্য প্রায় ৯ লক্ষাধিক টাকা। গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন