মিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় ২ জনের মৃত্যু

ফন্ট সাইজ:

রাজধানীর মিরপুর-২ নম্বরে এলএ প্লাজা নামের একটি বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। তারা দু’জনই বাংলাদেশ বিমান বাহিনীর সদস্য। মৃতরা হলেন- আয়েশা সিদ্দিকা অনন্যা এবং শেখ রাকিবুজ্জামান। শহীদ সোহ্‌রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। আয়েশা সিদ্দিকা অনন্যার বাড়ি নীলফামারীর সৈয়দপুরে এবং রাকিবুজ্জামানের বাড়ি মুন্সীগঞ্জের সিরাজদিখান এলাকায়। মঙ্গলবার তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। মৃতের স্বজনরা জানান, ঈদ শপিং করতে গিয়ে তারা আগুন লাগলে সেখানে আটকা পড়েন। এরপর হাসপাতালে নেয়া হলে মারা যান।
জানা যায়, নিহত আয়েশা সিদ্দিকা অনন্যা বাংলাদেশ বিমান বাহিনীতে সৈনিক পদে কর্মরত ছিলেন। তিনি আব্দুল হান্নানের বড় মেয়ে। স্বজনরা জানায়, আয়েশা গতকাল শপিংমলে যান। ভবনে অগ্নিকাণ্ডের সময় অনেকের সঙ্গে তিনিও সেখানে আটকা পড়েন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা অনন্যাকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকার সোহ্‌রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, সোমবার দুপুর ১টা ৫২ মিনিটে ভবনের তৃতীয়তলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং ভবনের ভেতরে থাকা ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। বিকাল ৩টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং ৪টা ৩৫ মিনিটে পুরোপুরি নির্বাপণ করা হয়। আগুন লাগার পর ভবনের ভেতরে থাকা অনেকেই ছাদে উঠে যান। পরে ২৪ জনকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। এরমধ্যে ১৪ জন পুরুষ এবং ১০ জন নারী ছিলেন। তাদের মধ্যে এক নারী ও এক পুরুষকে অচেতন অবস্থায় উদ্ধার করে শহীদ সোহ্‌রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আহসান সোহেল জানান, হাসপাতালে দু’জনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের মিরপুর স্টেশনের কর্মকর্তা শাজাহান সিরাজ সাংবাদিকদের বলেন, মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১ তলা একটি বাণিজ্যিক ভবনের তৃতীয়তলায় আগুন লাগে। আগুন লাগার পর ভবনের ভেতরে থাকা অনেকেই ছাদে উঠে যান। কেউ কেউ বিভিন্ন তলায় আটকা পড়েন।
এই কর্মকর্তা আরও বলেন, টার্ন টেবিল ল্যাডার (টিটিএল) ব্যবহার করে ভবনের ছাদ ও বিভিন্ন তলা থেকে ১৪ জন পুরুষ ও ১০ জন নারীকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে চার ও পাঁচতলার মাঝামাঝি সিঁড়ি থেকে একজন নারী ও একজন পুরুষকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে শহীদ সোহ্‌রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তারা ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছিলেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন