‘অদ্ভূত সমীকরণ’ নিয়ে বার্নাব্যুতে নামছে সিটি

‘অদ্ভূত সমীকরণ’ নিয়ে বার্নাব্যুতে নামছে সিটি

ফন্ট সাইজ:

উয়েফা চ্যাম্পিয়নস লীগের নক-আউট পর্ব চলবে, আর রিয়াল মাদ্রিদ-ম্যানচেস্টার সিটি একে অপরের বিপক্ষে উত্তাপ ছড়াবে না, এটি এখন অসম্ভব বিষয়ে পরিণত হয়েছে। তাই তো বিশ্ব জুড়ে ফুটবল ভক্তরা রিয়াল-সিটির লড়াইকে নাম দিয়েছে ‘চ্যাম্পিয়নস লীগ ডার্বি’। টানা পাঁচ মৌসুমে নক-আউট পর্বে মুখোমুখি হয়ে টুর্নামেন্টের ইতিহাসে অনন্য নজির গড়তে যাচ্ছে ক্লাব দু’টি। সান্তিয়াগো বার্নাব্যুতে শেষ ষোলোর প্রথম লেগে আজ রাতে মুখোমুখি হচ্ছে ইউরোপের এই দুই পরাশক্তি। ম্যাচটি শুরু হবে রাত ২টায়।

একইসময়ে রাতের আরেক হাইভোল্টেজ ম্যাচে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) নামবে ইংলিশ জায়ান্ট চেলসির মাঠে। ইউরোপিয়ান প্রতিযোগিতায় এখন পর্যন্ত ১৫ বার মুখোমুখি হয়েছে রিয়াল-সিটি। মজার ব্যাপার হচ্ছে, দু’দলই জিতেছে ৫টি করে ম্যাচ, এবং ড্র হয়েছে বাকি ৫টি। নক-আউট পর্বের পরিসংখ্যানে কিছুটা এগিয়ে থাকলেও, ঘরের মাঠে সিটিজেনদের আমন্ত্রণ জানানোর আগে স্প্যানিশ জায়ান্টরা বেশ চাপে রয়েছে। হাঁটুর চোটের কারণে কিলিয়ান এমবাপ্পে ও হ্যামস্ট্রিং চোটে জুড বেলিংহামকে ছাড়াই নামতে হচ্ছে প্রতিযোগিতার রেকর্ড চ্যাম্পিয়নদের। দলের দুই প্রাণভোমরা বাদেও একই কারণে লস ব্লাঙ্কোসরা পাচ্ছে না রদ্রিগো এবং এদের মিলিতাওকেও। কোচ আলভারো আরবেলোয়ার সামনে তাই বিশাল চ্যালেঞ্জ।

এদিকে সিটির সঙ্গে শেষ দেখায় চলতি মৌসুমেই বার্নাব্যুতে লীগ পর্বের (২-১) পরাজয়ের ক্ষত এখনো টাটকা। কঠিন ম্যাচটির আগে দলের স্প্যানিশ কোচ আহ্বান জানাচ্ছেন মাদ্রিদিস্তাদের (রিয়াল ভক্ত) প্রতি। আরবেলোয়া বলেন, ‘আমাদের সমর্থকদের দরকার। (ম্যাচের) রাতে বার্নাব্যুর গ্যালারি যেন গর্জে ওঠে। কারণ তারা জানে, এমন বড় ম্যাচে তাদের ভূমিকা কতোখানি।’ সিটিকে সমীহ করলেও, নিজেদের নামের প্রতি সুবিচার করতে চান তিনি, ‘এটি চ্যাম্পিয়নস লীগ, প্রতিপক্ষ বিশ্বের অন্যতম সেরা দল। তবে রিয়াল মাদ্রিদ মানেই শেষ মুহূর্ত পর্যন্ত হাল না ছাড়া। বিশ্বাস রাখা এবং লড়াই করা। ’ অন্যদিকে, ফুরফুরে মেজাজে আছেন সিটি বস পেপ গার্দিওলা।

গত সপ্তাহের শেষে নিউক্যাসেল ইউনাইটেডকে (৩-১) উড়িয়ে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে ওঠা দলটি মাদ্রিদে পা রাখছে প্রায় পূর্ণ শক্তির স্কোয়াড নিয়েই। বিশ্রাম শেষে ফিরেছেন গোলমেশিন খ্যাত আর্লিং ব্রুট হালান্দ। বার্নাব্যুতে আজ ডাগআউটে দাঁড়িয়ে এক অনন্য মাইলফলকের পথে এগিয়ে যাবেন গার্দিওলা। এ স্প্যানিশ কোচের জন্য এটি হতে যাচ্ছে ১৮৮তম চ্যাম্পিয়নস লীগ ম্যাচ। তার উপরে শুধু ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি স্যার অ্যালেক্স ফার্গুসন (১৯০) ও রিয়ালেরই সাবেক কার্লো আনচেলোত্তি (২১৮)। আজকের স্বাগতিকদের সমীহ করছেন গার্দিওলাও, ‘রিয়াল মাদ্রিদকে এই প্রতিযোগিতায় হারাতে হলে শুধু ভালো খেললেই হবে না, আপনাকে তাদের চেয়ে অনেক অনেক বেশি ভালো খেলতে হবে। বার্নাব্যুতে খেলা কতোটা কঠিন, আমি জানি।’

প্যারিসে প্রতিশোধের মহারণ
একই সময়ে পার্ক দে প্রিন্সেসে মুখোমুখি হচ্ছে টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি ও চেলসি। গত জুলাইয়ে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের নতুন আসরের ফাইনালে চেলসির কাছে ৩-০ গোলে হারের ক্ষত এখনো শুকায়নি প্যারিসিয়ানদের। সেই প্রতিশোধ নিয়ে ইউরোপ শ্রেষ্ঠত্বের মুকুট ধরে রাখাই ফরাসি জায়ান্টদের মূল লক্ষ্য।

ইউরোপের এই দুই জায়ান্টের মুখোমুখি লড়াইয়ের ইতিহাসও বেশ জমজমাট। এ পর্যন্ত ১২ বারের দেখায় চেলসি জয় তুলে নিয়েছে ৪ ম্যাচে, এবং পিএসজির জয় ৩টিতে। বাকি ৫ ম্যাচ ড্র। তবে চ্যাম্পিয়নস লীগের নক-আউট পর্বে শেষবারের দেখায় ২০১৫-১৬ মৌসুমে দুই লেগ মিলিয়ে ৪-২ গোলে ব্লুদের বিদায় করে দেয় পিএসজি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন