ফেনীর জহিরিয়া মসজিদে মাসব্যাপী ফ্রি ইফতার, ধনী-গরিব এককাতারে

ফেনীর জহিরিয়া মসজিদে মাসব্যাপী ফ্রি ইফতার, ধনী-গরিব এককাতারে

ফন্ট সাইজ:

পবিত্র মাহে রমজানের প্রথমদিন থেকে ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের জহিরিয়া মসজিদে চলছে এমন গণইফতার। প্রতিবছরের ন্যায় এবারও ইফতারে শামিল হচ্ছেন নানা শ্রেণি-পেশা ও বয়সের রোজাদাররা। রিকশাচালক থেকে শুরু করে শ্রমজীবী, পথচারী, দিনমজুর, শিক্ষার্থী, চাকরিজীবী, পেশাজীবী কোনো ভেদাভেদ ছাড়াই এখানে একসঙ্গে সবশ্রেণির মানুষ এই ইফতারে শামিল হন। মসজিদের তৃতীয়তলায় হাজারো মুসল্লি। সামনে সাজানো হরেক ইফতারি। সঙ্গে রয়েছে শরবত ও পানি। চিরপরিচিত দৃশ্য। আসরের পর থেকে রোজাদাররা দল বেঁধে সারিবদ্ধভাবে বসে যান। মাগরিবের আজান হতেই সবাই দোয়া পড়ে মুখে তুলে নেন ইফতার। ইফতারের মেন্যুতে আছে-খেজুর, ছোলা, মুড়ি, জিলাপি, বেগুনি, পেঁয়াজু, শসা, শরবত। কয়েকদিন পর পর আয়োজন করা হয় বিরিয়ানী। সরজমিন দেখা গেছে, সকাল থেকে ইফতার তৈরিতে ব্যস্ত সময় পার করেন বাবুর্চিরা। মসজিদের তৃতীয় তলায় ইফতারে জমায়েত হন হাজারো রোজাদার। আসরের পর থেকে শুরু হয় ইফতারের ব্যবস্থাপনা। ইফতারের সময় ঘনিয়ে আসার সঙ্গে মসজিদের তৃতীয় তলায় রোজাদাররা কাতারবদ্ধভাবে মিলিত হন। সুষ্ঠুভাবে ইফতার পরিবেশনের জন্য মসজিদের ৮ জন খাদেম ও ১০ জন স্বেচ্ছাসেবক রয়েছে। এ আয়োজনে তদারকি করেন মুসল্লী প্রতিনিধি ফারুক হারুন। ইফতার আয়োজক কমিটির সদস্য সাইদুল মিল্লাত মুক্তা বলেন, স্থানীয় লোকজন ছাড়াও শহরের ব্যবসায়ীসহ জেলার প্রত্যন্ত অঞ্চলের বহু মানুষ জহিরিয়া মসজিদে নামাজ আদায় করেন। রমজানের সময় অনেকে বুঝতে পারেন না কোথায় ইফতার করবেন। বহু মানুষ আছেন সামর্থ্যহীন-শ্রমজীবী। তারা এখানে অংশ নিয়ে থাকেন। তিনি আরও বলেন, প্রথম রমজান থেকে রোজাদারের জন্য এ ইফতার আয়োজন করা হয়। পর্যায়ক্রমে এই সংখ্যা ৮০০ থেকে ১ হাজার ছাড়িয়ে যায়। সদস্য এমদাদুল হক বিপ্লব জানান, জহিরিয়া মসজিদে ইফতার আয়োজন ঐতিহ্যে পরিণত হয়েছে। সওয়াবের উদ্দেশ্যে এই আয়োজনে অনেক ধর্ণাঢ্য ব্যক্তি সহায়তা করে থাকেন। গ্রামাঞ্চল থেকে শহরে অনেক মানুষ মসজিদের ইফতারে অংশ নেন। এখানে সম্পূর্ণ নিজস্ব ব্যবস্থাপনায় তৈরি করা হয় ইফতারি। ইফতার আয়োজক কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম সোহেল বলেন, আল্লাহ্‌র মেহমান রোজাদারদের ইফতার কর্মসূচিতে সম্পৃক্ত থাকতে পেরে নিজকে ধন্য মনে করছি। সবার সহযোগিতায় এ আয়োজন অব্যহত থাকবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন