নাজিরপুরে স্বেচ্ছায় চাকরি থেকে অব্যাহতি নিয়েও স্বপদে বহাল

নাজিরপুরে স্বেচ্ছায় চাকরি থেকে অব্যাহতি নিয়েও স্বপদে বহাল

ফন্ট সাইজ:

পিরোজপুরের নাজিরপুর উপজেলার একটি কমিউনিটি ক্লিনিকের এক সিএইচসিপি’র বিরুদ্ধে স্বেচ্ছায় চাকরি থেকে অব্যাহতি নিয়েও স্বপদে থাকার অভিযোগ উঠেছে। স্বেচ্ছায় চাকরি থেকে অব্যাহতি নেয়ার আবেদন দেয়ার পরও সংশ্লিষ্ট ব্যক্তি একই পদে বহাল তবিয়তে চাকরি করে যাচ্ছেন তিনি। বিষয়টি নিয়ে উপজেলা জুড়ে সমালোচনার ঝড় উঠেছে। জানা যায়, মো. আমানুল্লাহ বাহাদুর নামের এক ব্যক্তি কমিউনিটি হেল্‌থ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) পদে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীন পদ্ধডুবি কমিউনিটি ক্লিনিকে কর্মরত। ২০২২ সালের ৯ই এপ্রিল পারিবারিক সমস্যার কথা উল্লেখ করে ৯ই মে থেকে চাকরি হতে স্বেচ্ছায় অব্যাহতির জন্য আবেদন করেছিলেন। আবেদনপত্রটি সে বছর এপ্রিলের ৯ তারিখ গ্রহণ করে অনুমোদন প্রদান করেন তৎকালীন ও বর্তমান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান। কিন্তু সংশ্লিষ্ট ব্যক্তি একই পদে চাকরি চালিয়ে যাচ্ছেন। আরও জানা যায়, ২০২২ সালে ইউপি নির্বাচনে দেউলবাড়ী দোবড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ইউপি সদস্য নির্বাচন করার জন্য বাহাদুর স্বেচ্ছায় অব্যাহতি নেন। তবে ওই নির্বাচনে তিনি বিশ ভোটের ব্যবধানে পরাজিত হয়ে আবার স্বপদে চাকরি করে যাচ্ছেন।
এ বিষয়ে আমানুল্লাহ বাহাদুর জানান, পারিবারিক সমস্যা এবং নিজের শারীরিক অসুস্থতার কারণে চাকরি থেকে অব্যাহতির জন্য আবেদন করেছিলেন। তবে এখনো পর্যন্ত হেড অফিস থেকে এ বিষয়ে কোনো প্রতিবেদন না আসায় তিনি দায়িত্ব পালন করে যাচ্ছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান বলেন, আমরা পত্রটি রিসিভ করে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে পাঠিয়ে দিয়েছি। আমার তো চাকরি থেকে বরখাস্ত করতে পারি না। জেলা সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান জানান, এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ভালো বলতে পারবেন। আমি খোঁজ-খবর নিয়ে বলতে পারবো। যদি সে অব্যাহতি দিয়ে থাকে এবং সেটি যদি গৃহীত হয় তাহলে তার চাকরিতে ফিরে আসার সুযোগ নাই।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন