টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে গুড়িয়ে অনন্য ইতিহাস গড়েছে ভারত। প্রথম দল হিসেবে বিশ্বমঞ্চে টানা দু’বার চ্যাম্পিয়ন তো বটে, ঘরের মাঠে প্রথমবারের মতো ট্রফি জিতে রেকর্ড তৃতীয় শিরোপা ঘরে তোলে তারা। দলের এ আকাশচুম্বী সাফল্যের রেশ না কাটতেই এবার আর্থিক পুরস্কারের সব রেকর্ড ভেঙে দিলো ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)। সূর্কুমার যাদবদের জন্য পাহাড়সম অঙ্কের বোনাস ঘোষণা করেছে তারা।
এক বিজ্ঞপ্তিতে বিসিসিআই সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় দলের জন্য ১৩১ কোটি রুপির বিশাল নগদ পুরস্কার ঘোষণা করা হয়েছে। সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এবারের পুরো বিশ্বকাপের জন্য যে পরিমাণ মোট প্রাইজমানি বরাদ্দ ছিল, ভারতীয় ক্রিকেটাররা একা তার চেয়েও বড় অঙ্কের অর্থ পাচ্ছে নিজেদের বোর্ডের কাছ থেকেই। সদ্য সমাপ্ত আসরের জন্য মোট ১২১ কোটি রুপি প্রাইজমানি নির্ধারণ করে আইসিসি, যার মধ্যে চ্যাম্পিয়ন ভারতের একাউন্টে ঢুকেছে সাড়ে ২৭ কোটি রুপি। অথচ, বিসিসিআই একাই তাদের দলের জন্য ঘোষণা করেছে ১৩১ কোটি রুপি, যা আইসিসির পুরো টুর্নামেন্ট বাজেটের চেয়েও ১০ কোটি রুপি বেশি!
এর আগে ২০২৪-এ রাহুল দ্রাবিড়ের অধীনে চ্যাম্পিয়ন হয়ে ১২৫ কোটি রুপি পুরস্কার পায় ভারত দল। এবার গৌতম গম্ভীর ও সূর্যকুমারদের সাফল্যের পুরস্কার হিসেবে সেই অঙ্ক এক লাফে বাড়লো ৬ কোটি রুপি! বিসিসিআই জানিয়েছে, ঐতিহাসিক এই অর্জনের অংশীদার হিসেবে খেলোয়াড়দের পাশাপাশি সাপোর্ট স্টাফ এবং নির্বাচকরাও এই অর্থ পাবেন।
বিসিসিআই তাদের অভিনন্দন বার্তায় জানায়, এ জয় শুধু মাঠের লড়াই নয়, বরং ভারতীয় ক্রিকেটের ধারাবাহিকতার প্রমাণ। আইসিসির মোট প্রাইজমানিকে ছাপিয়ে খোদ বিসিসিআইয়ের এমন রাজকীয় পুরস্কার বিশ্বক্রিকেটে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
