নির্বাচনের মাধ্যমে জনগণের জবাবদিহি, প্রতিনিধিত্বমূলক সরকার প্রতিষ্ঠিত হয়েছে

প্রধানমন্ত্রী

নির্বাচনের মাধ্যমে জনগণের জবাবদিহি, প্রতিনিধিত্বমূলক সরকার প্রতিষ্ঠিত হয়েছে

ফন্ট সাইজ:


প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের মাধ্যমে বর্তমানে বাংলাদেশে জনগণের কাছে জবাবদিহি, প্রতিনিধিত্বমূলক একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকারকে দেশের মানুষ নির্বাচিত করেছেন। মঙ্গলবার কড়াইল বস্তি সংলগ্ন টিএন্ডটি মাঠে ফ্যামিলি কার্ড উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, এই সরকার দেশের মানুষের কাছে জবাবদিহি করতে বাধ্য। আমরা এখানে আজ উপস্থিত হয়েছি, এটি বহু বছর যাবত বাংলাদেশ জাতীয়তাবাদী (বিএনপি)দল পরিকল্পনা গ্রহণ করেছে। বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক নারী। এই অর্ধেক জনসংখ্যাকে যদি আমরা পেছনে রাখি, এম্পাওয়ার না করি, শিক্ষা এবং অর্থনৈতিকভাবে তাদেরকে ক্ষমতায়ন না করতে পারি, তাহলে দেশকে কোনোভাবেই সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না।
দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন উল্লেখ করে তিনি বলেন, সেই সময় সমগ্র বাংলাদেশে তিনি নারীদের শিক্ষাব্যবস্থা স্কুল পর্যায় থেকে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত বিনামূল্যে করার ব্যবস্থা করেছিলেন। সেই শিক্ষিত নারী সমাজকে আজ আমরা অর্থনৈতিকভাবে এম্পাওয়ার (ক্ষমতায়ন) করতে চাই। তাদের স্বচ্ছলভাবে গড়ে তুলতে চাই। সরকার গঠনের আগেই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে কীভাবে নারীদেরকে আমরা ক্ষমতায়ন করব। অর্থনৈতিকভাবে সচ্ছল করে গড়ে তুলব। তারই অংশ হিসেবে আজ এই ফ্যামিলি কার্ড আমরা সমগ্র বাংলাদেশে পর্যায়ক্রমিকভাবে ইন্ট্রোডিউস শুরু করলাম।
প্রাথমিক পর্যায়ে সরকারের কিছু নিয়ম নীতি আছে জানিয়ে তারেক রহমান বলেন, সেই সকল নিয়মনীতির মধ্যে দিয়ে আমাদেরকে কাজ শুরু করতে হবে। সেই নিয়মনীতির অংশ হিসেবে প্রথমেই পাইলট প্রজেক্ট করতে হবে। সমগ্র বাংলাদেশে ১৪টি জায়গায় বা ১৪টি উপজেলায় এই কাজ শুরু হয়েছে। এই মুহূর্তে প্রায় ৩৭ হাজার নারী অংশগ্রহণ করেছেন। কড়াইল, ভাষানটেক, সাতলা এলাকায় প্রায় ১৫ হাজার নারীকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন,পর্যায়ক্রমিকভাবে বাংলাদেশে যে চার কোটি পরিবার রয়েছে সেই পরিবারের যারা নারী প্রধান তাদের কাছে আগামী পাঁচ বছরের মধ্যে ইনশাআল্লাহ আমরা এই ফ্যামিলি কার্ড নিয়ে যেতে সক্ষম হব।
'আমরা কথা দিয়েছিলেন বিএনপি সরকার গঠন করলে ফ্যামিলি কার্ডের কাজ শুরু করব' উল্লেখ করে সরকার প্রধান বলেন, বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে সরকার গঠন করার এক মাসেরও কম সময়ের মধ্যে, আমরা আমাদের জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতির কাজ শুরু করেছি।

তারেক রহমান বলেন, ৩৭ হাজার নারীর কাছে আমরা ফ্যামিলি কার্ড তুলে দিতে সক্ষম হয়েছি। আগামী মাসের ভেতরে আমরা কৃষক ভাইদের কাছেও কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হব। কৃষকদের কৃষি ঋণ ১০ হাজার টাকা পর্যন্ত মওকুফ করা হয়েছে। জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতিগুলো পূরণের মাধ্যমে জনগণের ভাগ্যের পরিবর্তন হবে, দেশের পরিবর্তন হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন