যুদ্ধ কখন শেষ হবে, তা যুক্তরাষ্ট্র নয়, আমরাই ঠিক করব: আইআরজিসি

যুদ্ধ কখন শেষ হবে, তা যুক্তরাষ্ট্র নয়, আমরাই ঠিক করব: আইআরজিসি

ফন্ট সাইজ:

ইরানে যুদ্ধ শেষ করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব দিয়েছে তেহরান। তারা বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের লক্ষ্যবস্তুতে সামরিক অভিযান কখন থামবে, তা তারাই নির্ধারণ করবে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জোর দিয়ে বলেছে, এখন অঞ্চলটির সমীকরণ ও ভবিষ্যৎ অবস্থা তেহরানের বাহিনীর হাতেই রয়েছে। এই প্রতিক্রিয়া এসেছে ট্রাম্পের সেই বক্তব্যের পর, যেখানে তিনি বলেছেন ইরানের যুদ্ধ ‘শিগগিরই’ শেষ হয়ে যেতে পারে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, ‘যুদ্ধের সমাপ্তি আমরাই নির্ধারণ করব।’ তারা আরও বলেছে, এখন এই অঞ্চলের সমীকরণ ও ভবিষ্যৎ অবস্থা আমাদের সশস্ত্র বাহিনীর হাতে। আমেরিকান বাহিনী এই যুদ্ধের ইতি টানবে না।

উল্লেখ, ট্রাম্প বলেছেন ইরানের বিরুদ্ধে যুদ্ধ স্বল্পস্থায়ী হতে পারে। তবে তিনি এ সম্ভাবনাও খোলা রেখেছেন যে, ইসলামী প্রজাতন্ত্র যদি বৈশ্বিক তেল সরবরাহে বিঘ্ন ঘটায়, তাহলে যুদ্ধ আরও তীব্র হতে পারে। উল্লেখ্য, ইরান ইতিমধ্যে নতুন এক কট্টরপন্থী মোজতবাকে সর্বোচ্চ নেতা নির্বাচন করেছে। মায়ামির কাছে নিজের গলফ ক্লাবে রিপাবলিকান আইনপ্রণেতাদের ট্রাম্প বলেন, কিছু অশুভ শক্তিকে সরিয়ে দিতে আমরা মধ্যপ্রাচ্যে ছোট্ট একটি অভিযান চালিয়েছি। আর আমার মনে হয়, আপনারা দেখবেন এটি স্বল্পমেয়াদি একটি অভিযানই হবে।

কয়েক ঘণ্টা পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন- যদি ইরান এমন কিছু করে যাতে হরমুজ প্রণালি দিয়ে তেলের প্রবাহ বন্ধ হয়ে যায়, তাহলে যুক্তরাষ্ট্র তাদের এ পর্যন্ত যতটা আঘাত করেছে, তার চেয়ে বিশ গুণ বেশি কঠোরভাবে আঘাত করবে। তিনি আরও বলেন, এ ছাড়া আমরা এমন সব সহজে ধ্বংসযোগ্য লক্ষ্যবস্তু গুঁড়িয়ে দেব, যাতে ইরান আর কখনো রাষ্ট্র হিসেবে ঘুরে দাঁড়াতে না পারে। তাদের ওপর মৃত্যু, আগুন ও তাণ্ডব নেমে আসবে। তবে আমি আশা করি এবং প্রার্থনা করি, যেন তা না ঘটে! এটি চীন এবং যেসব দেশ হরমুজ প্রণালি ব্যাপকভাবে ব্যবহার করে, তাদের জন্য যুক্তরাষ্ট্রের একটি উপহার। আশা করি, এটিকে একটি প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে দেখা হবে। ওদিকে সোমবার ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও ফোনে কথা বলেন। তারা যুদ্ধসহ আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করেন।

পুতিনের বৈদেশিক নীতি উপদেষ্টা ইউরি উশাকভ জানান, উপসাগরীয় নেতাদের এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে আলোচনার পর পুতিন ‘দ্রুত রাজনৈতিক ও কূটনৈতিক সমাধান’ নিয়ে কিছু প্রস্তাব দিয়েছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন