সহযোগীদের খবর

দুই আসামিকে দেশে আনতে সরকারের প্রস্তুতি চূড়ান্ত

ফন্ট সাইজ:

যুগান্তর

দৈনিক যুগান্তরের প্রথম পাতার শিরোনাম ‘দুই আসামিকে দেশে আনতে সরকারের প্রস্তুতি চূড়ান্ত।’ প্রতিবেদনে বলা হয়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেন ভারতে গ্রেফতার হওয়ার পর তাদের দেশে ফেরাতে সরকার উদ্যোগ জোরদার করেছে। বাংলাদেশ-ভারতের প্রত্যর্পণ চুক্তির আওতায় দুই আসামিকে ফিরিয়ে আনতে তদন্তকারী সংস্থা সিআইডি চিঠি প্রস্তুত করেছে। দু-এক দিনের মধ্যেই ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে তাদের হস্তান্তর চেয়ে চিঠি পাঠানো হবে।

এদিকে আসামিদের সঙ্গে সাক্ষাতের জন্য বাংলাদেশ ইতোমধ্যে কনসুলার অ্যাকসেস চেয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, দুই আসামিকে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। সোমবার কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে এক সভা শেষে তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাদের ফেরানোর চেষ্টা চলছে।
এ ছাড়া পুলিশ মহাপরিদর্শক এক সংবাদ সম্মেলনে জানান, আসামিদের দেশে আনার বিষয়ে কূটনৈতিক পর্যায়ে কাজ চলছে।


বণিক বার্তা

দৈনিক বণিক বার্তার প্রথম পাতার শিরোনাম ‘মধ্যপ্রাচ্য সংকটে ভারতের ওপর বাংলাদেশের বাণিজ্যনির্ভরতা আরো বাড়তে পারে।’ প্রতিবেদনে বলা হয়, দুই দেশের মোট বাণিজ্যের ৮৫ শতাংশই মূলত ভারত থেকে পণ্য আমদানি। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও এরই মধ্যে জ্বালানি পণ্য নিয়ে অস্থিরতা দেখা দিয়েছে।
জানা গেছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভারতের কাছে বাড়তি ডিজেল আমদানির প্রস্তাব দেয়ার পরিকল্পনা করছে বাংলাদেশ। আসামের নুমালিগড় রিফাইনারি থেকে আজ বাংলাদেশে আসছে পাঁচ হাজার টন ডিজেল।
বিপিসি সূত্রে জানা গেছে, পাইপলাইনে করে এ ডিজেল বাংলাদেশে পৌঁছনোর কথা। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিদ্যুৎ-জ্বালানিসহ বিভিন্ন খাতে ভারতের ওপর বাংলাদেশের বাণিজ্যনির্ভরতা আরো বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মধ্যপ্রাচ্যের সংকটের প্রেক্ষাপটে সরকারের পক্ষ থেকে দেশে পর্যাপ্ত জ্বালানি মজুদ থাকার কথা জানানো হয়েছে। নিয়মিত বাজার তদারকির পাশাপাশি জ্বালানি তেল, গ্যাস ও এলএনজির সরবরাহ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সরকার।

তবে মধ্যপ্রাচ্যের সংঘাত যেদিকে মোড় নিচ্ছে তাতে সামনের দিনগুলোতে জ্বালানি পণ্যের পাশাপাশি খাদ্যপণ্যেরও সংকট তৈরি হতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠানগুলো।

নয়া দিগন্ত
নয়া দিগন্তের প্রথম পাতার শিরোনাম ‘আরো ৪ বেসরকারি ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ; পরিচালনা ও ঝুঁকি ব্যবস্থাপনায় নজরদারি বাড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক।’ প্রতিবেদনে বলা হয়, ব্যাংকিং খাতে সুশাসন জোরদার ও আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করতে আরো চারটি বেসরকারি ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ন্যাশনাল, প্রিমিয়ার, আইএফআইসি ও আল-আরাফাহ ইসলামী ব্যাংকে এসব পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে বলে জানা গেছে।
গতকাল সোমবার এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ। কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ব্যাংকগুলোর পরিচালনা কার্যক্রম, আর্থিক সিদ্ধান্ত গ্রহণ এবং ঝুঁকি ব্যবস্থাপনা প্রক্রিয়া আরো নিবিড়ভাবে পর্যবেক্ষণের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী ন্যাশনাল ব্যাংকে পর্যবেক হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যাংক সুপারভিশন ডিপার্টমেন্ট-১২ বিভাগের পরিচালক মুনির আহমেদ চৌধুরী। আল-আরাফাহ ইসলামী ব্যাংকে দায়িত্ব পেয়েছেন ইসলামিক ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান।
এছাড়া প্রিমিয়ার ব্যাংকে পর্যবেক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে পেমেন্ট সিস্টেমস বিভাগের পরিচালক এএনএম মঈনুল কবিরকে। অন্য দিকে আইএফআইসি ব্যাংকে পর্যবেকের দায়িত্ব পালন করবেন ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট-১ এর পরিচালক এ কে এম কামরুজ্জামান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নিয়োগ পাওয়া এসব কর্মকর্তা সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ, নির্বাহী কমিটি এবং ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির সভায় অংশ নেবেন। সভায় উপস্থিত থেকে তারা ব্যাংকের নীতি, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া এবং আর্থিক ব্যবস্থাপনা নিবিড়ভাবে পর্যবেণ করবেন। তবে এসব পর্যবেক ব্যাংকের দৈনন্দিন কার্যক্রমে সরাসরি হস্তপে করবেন না। বরং তারা সভায় আলোচ্য বিষয়, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া এবং ঝুঁকিপূর্ণ কার্যক্রম সম্পর্কে বাংলাদেশ ব্যাংককে নিয়মিত অবহিত করবেন।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, প্রয়োজনে ভবিষ্যতে আরো ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হতে পারে।

আজকের পত্রিকা

আজকের পত্রিকার প্রথম পাতার শিরোনাম ‘শুরুতে কার্ড পাচ্ছে ৩৭,৫৬৪ পরিবার।’ প্রতিবেদনে বলা হয়, নারীর ক্ষমতায়ন , অধিকার , মর্যাদা ও অর্থনৈতিক স্বাধীনতা জোরদার করতে পরিবারের নারীপ্রধানের নামে ‘ ফ্যামিলি কার্ড ‘ চালু করতে যাচ্ছে সরকার ।
পাইলট কর্মসূচির আওতায় প্রথম ধাপে দেশের বিভিন্ন অঞ্চলের ৩৭ হাজার ৫৬৪ টি পরিবারকে এই কার্ড দেওয়া হবে । সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের মিলনায়তনে গতকাল সোমবার সংবাদ সম্মেলনে জানানো হয় , আজ মঙ্গলবার সকালে রাজধানীর বনানীর কড়াইল বস্তিসংলগ্ন টিঅ্যান্ডটি খেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করবেন ।
সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন , অর্থনৈতিক অগ্রগতির সুফল সমাজের সব স্তরের মানুষের কাছে পৌঁছে দিতেই ‘ ফ্যামিলি কার্ড “ কর্মসূচি চালু করা হচ্ছে ।
শুরুতে কার্ড পাচ্ছে ৩৭,৫৬৪ পরিবার, ৫৬৪ নারীকে কার্ড দেওয়া হবে । পাইলট পর্যায়ে তারা মাসে ২ হাজার ৫০০ টাকা করে পাবেন ।
পরবর্তী সময়ে সমমূল্যের খাদ্যসহায়তা দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হবে । পাইলট কর্মসূচি দেশের ১৩ টি জেলার ১৩ টি সিটি করপোরেশন ও ইউনিয়নের ১৫ টি ওয়ার্ডে বাস্তবায়ন করা হবে । সামাজিক নিরাপত্তা খাতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে এই ভাতা দেওয়া হবে।

দেশ রূপান্তর

দেশ রূপান্তর পত্রিকার প্রথম পাতার শিরোনাম ‘থানায় ম্যাজিস্ট্রেট নিয়োগের পরিকল্পনা।’ প্রতিবেদনে বলা হয়, দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে আপ্রাণ চেষ্টা করছে পুলিশ। দেশের প্রতিটি থানাই হবে সত্যিকারের সেবাকেন্দ্র। থানায় আসা লোকজনের হয়রানি কমাতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগের পরিকল্পনা করা হয়েছে। তাছাড়া আরও কিছু প্রস্তাবও পাঠানো হয়েছে সরকারের কাছে। ইতিমধ্যে চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করা হয়েছে। যেকোনো কাজ করতে পুলিশকে সময় দিতেই হবে। তাড়াহুড়া করলে সফলতা আসবে না। যেমন মিডিয়ার প্রেশারের কারণে গ্রেনেড হামলার ঘটনায় ‘জজ মিয়ার মতো নাটক তৈরি’ করতে হয়েছে।
পুলিশ যেন এসব না করতে পারে সেদিকে বিশেষ নজর দেওয়া হবে। রাজনৈতিক পটপরিবর্তনের পর দেখা যাচ্ছে আন্দোলনে অংশ নেননি অথচ জুলাই বিপ্লবী সাজার চেষ্টা করছেন অনেকেই।

সমকাল

দৈনিক সমকালের প্রথম পাতার শিরোনাম ‘রিজার্ভ চুরি/ছয় দেশের ৭০ জন চিহ্নিত, কেন্দ্রীয় ব্যাংকের আতিউরসহ ১০ কর্মকর্তা।’ প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ছয় দেশের অন্তত ৭০ জনের সংশ্লিষ্টতা বিষয়ে নিশ্চিত হয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তাদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমানসহ কমপক্ষে ১০ জন কর্মকর্তা আছেন। বাকিরা বিদেশি নাগরিক।
আন্তঃরাষ্ট্রীয় এ অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট বিদেশিদের চিহ্নিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় একটি গোয়েন্দা সংস্থা। তারা বাংলাদেশেও একটি ছায়া তদন্ত করেছিল। সম্প্রতি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্টের (এমএলএআর) মাধ্যমে দেশটি ৪০০ পৃষ্ঠার একটি প্রতিবেদন বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে।
তদন্তকারী সংস্থা সিআইডি বলেছে, এ প্রতিবেদন তাদের তদন্তকে আন্তঃরাষ্ট্রীয় বাধা দূর করতে সহায়তা করেছে। দেশের বাইরে সংঘটিত ঘটনা পরম্পরাকে বিচারযোগ্য করে তুলতে সহায়তা করেছে। বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের টাকা চুরি হলেও তা গেছে যুক্তরাষ্ট্রে অবস্থিত ফেডারেল রিজার্ভ থেকে, যেখানে এই অর্থ সংরক্ষিত ছিল। এর আগে জাপান ও ফিলিপাইন এমএলএআরের মাধ্যমে তাদের তদন্ত প্রতিবেদন বাংলাদেশকে দেয়।
সিআইডি সূত্র জানিয়েছে, এ ঘটনায় সিআইডি যাদের চিহ্নিত করেছে তাদের মধ্য ৪০ জন ফিলিপাইনের নাগরিক। বিদেশিদের মধ্যে বাকিরা উত্তর কোরিয়া, ফিলিপাইন, চীন, জাপান, শ্রীলঙ্কা ও ভারতের নাগরিক। সন্দেহভাজনদের বিরুদ্ধে মানি লন্ডারিং, আইসিটি ও ফৌজদারি আইনের বিভিন্ন ধারায় অভিযোগ আনা হবে। গভর্নর আতিউর রহমানের বিরুদ্ধে অন্তত দুটি অভিযোগ আনা হতে পারে বলে জানিয়েছে সিআইডি।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের দায়
সিআইডি এখন পর্যন্ত বাংলাদেশের অন্তত ৩০ নাগরিককে জিজ্ঞাসাবাদ করেছে। এর মধ্যে তিন ধরনের কাজে যুক্ত ছিলেন; ড. আতিউরসহ বাংলাদেশ ব্যাংকের তৎকালীন এমন ১০ কর্মকর্তাকে চিহ্নিত করা হচ্ছে।
এক. রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) কেন সরাসরি সুইফ্ট সিস্টেমে সংযুক্ত করা হয়েছিল। কেন ঝুঁকি বিবেচনায় নেওয়া হয়নি। যারা এর দায়িত্বে ছিলেন সিআইডি তাদের বিরুদ্ধে অভিযোগ আনবে।
দুই. বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা রিজার্ভের জন্য ব্যবহৃত সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফিন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন (এসডব্লিউআইএফটি) সার্ভার অত্যন্ত সংবেদনশীল একটি সিস্টেম। তারপরও তৎকালীন গভর্নর আতিউর রহমান ওই সার্ভারের সঙ্গে আরটিজিএস সিস্টেম সংযুক্ত করার অনুমোদন কেন দিয়েছিলেন? এ সিদ্ধান্তকে অপরাধমূলক বলে চিহ্নিত করেছে সিআইডি। রিজার্ভ হ্যাক হওয়ার পর তা কিছু দিন গোপন করে রাখেন তৎকালীন গভর্নর আতিউর রহমান।
তিন. ইমেইলের মাধ্যমে হ্যাকাররা মেলওয়্যার পাঠানোর পর তা যাচাই না করে যারা ডাউনলোড করেছিলেন তারাও অভিযুক্তের মধ্যে থাকছেন। তাদের মধ্যে কেউ কেউ বিষয়টি জানাজানি হলে প্রযুক্তিগত কিছু ক্লু সরিয়ে ফেলেন।
এই তিনটি বিষয় বিবেচনায় নিয়েছে সিআইডি। অভিযুক্ত কর্মকর্তারা কেন্দ্রীয় ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগ, অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং, আইটি অপারেশন অ্যান্ড কমিউনিকেশন বিভাগ, পেমেন্ট সিস্টেম বিভাগ এবং ব্যাক অফিস অব দ্য ডিলিংস রুমের বলে জানা গেছে।
মার্কিন প্রতিবেদনে যা আছে
অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনায় জড়িতরা কীভাবে কার সঙ্গে ইমেইলে যোগাযোগ করেছেন, যুক্তরাষ্ট্র থেকে পাঠানো প্রতিবেদনে তার বিস্তারিত বর্ণনা রয়েছে। ওই প্রতিবেদনে চারটি ক্যাসিনোর নাম বলা হয়েছে, যেগুলো ব্যবহার করে পুরো অর্থ নির্দিষ্ট ব্যক্তিরা সরিয়ে নেয়। ক্যাসিনোগুলো হলো– ফিলরেম, ইস্টার্ন হওয়াই, মিডাস ও সোলাইয়ার। ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশন (আরসিবিসি) থেকে বিভিন্ন ব্যক্তির অ্যাকাউন্ট হয়ে এ অর্থ এই ক্যাসিনোগুলোতে যায়। মার্কিন প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ হ্যাকের পেছনে বড় ভূমিকা রাখে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাপ্রাপ্ত সাইবার গ্রুপ লেজারাস (এপিটি৩৮)। এই হ্যাকার গ্রুপের নেতৃত্বে ছিলেন উত্তর কোরিয়ার নাগরিক পার্ক জিন ইউক।
পর্যালোচনা কমিটির সাচিবিক দায়িত্ব পালনকারী অর্থ মস্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক সমকালকে বলেন, ‘আমাদের প্রতিবেদন মন্ত্রিসভায় জমা দেওয়া হয়েছে।’ প্রতিবেদনের ব্যাপারে আর কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

ইত্তেফাক

ইত্তেফাকের প্রথম পাতার শিরোনাম ‘স্পিকার ও ডেপুটি স্পিকারের নাম জানা যেতে পারে কাল।’ প্রতিবেদনে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার সকাল ১১টায়। এর আগের দিন আগামীকাল বুধবার সরকারি দলের (বিএনপি) সংসদীয় দলের সভা ডাকা হয়েছে। সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে সকাল ১১টায় অনুষ্ঠেয় এই সভায় সভাপতিত্ব করবেন সংসদীয় দলের প্রধান, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
গতকাল সোমবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সভায় সরকারদলীয় সকল সংসদ সদস্যকে উপস্থিত থাকার জন্য সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি অনুরোধ জানিয়েছেন।
বিএনপির সংসদীয় দলের এই সভায় নতুন সংসদের স্পিকার মনোনয়ন করা হতে পারে। অন্যদিকে, বিএনপি আশা করছে- প্রধান বিরোধীদল জামায়াত তাদের প্রস্তাবে সাড়া দিয়ে ডেপুটি স্পিকার পদে দলের কোনো সংসদ সদস্যকে মনোনয়ন দেবে। আর সাড়া না দিলে শেষ পর্যন্ত বিএনপি দলীয় কোনো এমপিকেই ডেপুটি স্পিকার হিসেবে মনোনয়ন দেবে। বিএনপির সংসদীয় দলের সভায় নতুন স্পিকার মনোনীত করা হলে এবং জামায়াত কাউকে ডেপুটি স্পিকার পদে মনোনয়ন দিলে সেক্ষেত্রে, আগামীকালই নতুন স্পিকার ও ডেপুটি স্পিকারের নাম জানা যেতে পারে।
নতুন সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার কে হচ্ছেন- এনিয়ে সরকারি ও বিরোধীদলসহ রাজনৈতিক অঙ্গনে কৌতুহল বিরাজ করছে। বিএনপি সূত্রে স্পিকার পদে যে কয়জনের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ও ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদীন অন্যতম। এছাড়া, এই পদে নতুন করে দলটির স্থায়ী কমিটির সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর নামও শোনা যাচ্ছে। আর জামায়াত যদি ডেপুটি স্পিকার পদে কারো নাম প্রস্তাব না করে সেক্ষেত্রে এই পদে যাদের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে অন্যতম হলেন বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক ও বরকত উল্যাহ বুলু।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন