তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সরকারের সেøাগান ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নের লক্ষ্যে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কার্যকর করা হবে। এ নীতি বাস্তবায়নের মাধ্যমে ময়মনসিংহ জেলাকে একটি আদর্শ জেলায় পরিণত করা সম্ভব। গতকাল ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, কোথাও কোথাও সড়ক অপ্রতুল থাকতে পারে। তবে যানজটের জন্য কেবল অটোরিকশা বা সিএনজিকে দায়ী করলেই হবে না। সবকিছু সমন্বিতভাবে ব্যবস্থাপনা করতে পারলে শহরের যানজট অনেকটাই কমিয়ে আনা যাবে। সমন্বিত উদ্যোগ ও সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে ময়মনসিংহ শহরের যানজট সমস্যার অনেকটাই সমাধান করা সম্ভব। হাসপাতালের সামনে নির্ধারিত পার্কিংয়ের বাইরে সারি সারি এম্বুলেন্স দাঁড়িয়ে থাকায় এবং রাস্তার উপর দোকান বসার কারণে অনেক জায়গায় সড়ক ব্যবহার সংকুচিত হয়ে পড়ছে। এতে যান চলাচলে বিঘ্ন ঘটছে এবং শহরে যানজট বাড়ছে। এসব বিষয় সঠিকভাবে নিয়ন্ত্রণ করা গেলে পরিস্থিতির উন্নতি সম্ভব বলে তিনি মন্তব্য করেন। জ্বালানি পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, বিশ্ব পরিস্থিতি বর্তমানে অস্থিরতার মধ্যদিয়ে যাচ্ছে। যুদ্ধের প্রভাব বিভিন্ন দেশে রয়েছে। তারপরও দেশে পর্যাপ্ত পরিমাণ পেট্রোল ও ডিজেল মজুত রয়েছে। পর্যায়ক্রমে তা সরবরাহ করা হবে। তবে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ পাওয়া গেছে। পর্যাপ্ত জ্বালানি থাকার পরও কিছু পেট্রোল পাম্প বন্ধ রাখা হচ্ছে। আবার কেউ কেউ একই গাড়িতে বারবার জ্বালানি নিচ্ছে। যা মজুতের প্রবণতার ইঙ্গিত দেয়। বিষয়টি নজরদারিতে রাখা প্রয়োজন।
কিশোর গ্যাং প্রসঙ্গে ইয়াসের খান চৌধুরী বলেন, এটি এখন সারা দেশে একটি বড় সামাজিক সমস্যা হয়ে উঠেছে। মাদকের পরই এটি ভয়াবহ আকার ধারণ করছে। এ সমস্যা মোকাবিলায় অভিভাবকদের আরও সচেতন হতে হবে। পাশাপাশি স্কুল-কলেজে ভিডিও বা অডিও ক্লিপের মাধ্যমে শিক্ষার্থীদের সচেতন করা যেতে পারে। তিনি বলেন, সরকার ইতিমধ্যে বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কার্যক্রম চালু করেছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড-সহ সরকারের নানা কার্যক্রমের ভিডিও ক্লিপ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাধ্যমে প্রচার করা হচ্ছে এবং জেলা পর্যায়েও তা বাস্তবায়ন করা হবে। মাদক সমস্যা সম্পর্কে তিনি বলেন, মাদকের উৎস ও বিস্তার চিহ্নিত করে তা সমাধানের উদ্যোগ নিতে হবে। একইসঙ্গে ময়মনসিংহ জেলায় অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান জোরদার করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন এমপি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সাধারণ মানুষের সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ময়মনসিংহ জেলায় আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি। এ ছাড়া সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, বাজার ব্যবস্থাপনা, মাদক ও অপরাধ দমনে করণীয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেনÑ সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু, অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন, মুফতি মুহাম্মদুল্লাহ ও মোহাম্মদ সালমান ওমর। সভায় জেলা পুলিশ সুপার, সিভিল সার্জন, র্যাব ও বিজিবি’র প্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
‘সবার আগে বাংলাদেশ বাস্তবায়নে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স’
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ থেকে
১০ মার্চ (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
