চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আসলাম হাবীবকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত রোববার সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল্লাহ আল-বাকের ভূঁইয়া ও সাধারণ সম্পাদক এসএম আল মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আসলাম হাবীবকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আসলাম হাবীব দীর্ঘদিন চট্টগ্রাম-৪ আসনের সাবেক এমপি এবিএম আবুল কাশেম মাস্টার ও সাবেক এসএম. আল মামুনের ব্যক্তিগত সহকারী (পিএস) হিসেবে দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি তিনি চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসন থেকে নির্বাচিত বিএনপি’র এমপি জসীম উদ্দীনের ব্যক্তিগত সহকারী (পিএস) হিসেবে দায়িত্ব নেয়ায় দলীয় অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। তবে, এ বিষয়ে বক্তব্য জানতে আসলাম হাবীবের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
বিএনপি’র এমপি’র পিএস হওয়ায় সীতাকুণ্ডে আওয়ামী লীগ নেতা বহিষ্কার
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
১০ মার্চ (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
