ফেনীতে ছিনতাইকারীদের ধাক্কায় অটোচালকের মৃত্যু

ফন্ট সাইজ:

ছিনতাইকারীদের ধাক্কায় চলন্ত গাড়ির চাপায় শান্ত কুমার সাহা নামে এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। গত রোববার রাত সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শান্ত ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের হকদি গ্রামের কানু কুমার সাহার ছেলে। নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ইফতারের আগ মুহূর্তে লালপোল মিয়াজি ফিলিং স্টেশনের সামনে একজন যাত্রীর মালামালসহ শান্তকে অটোরিকশা নিয়ে অপেক্ষা করতে দেখা যায়। তারপর প্রায় আধাঘণ্টা পর ছিনতাইকারীরা তাকে মারধর করে মহাসড়কের পাশে একটি কালভার্টের নিচে ফেলে দেয়। সেখান থেকে উঠে শান্ত ছিনতাইকারীদের পেছনে ধাওয়া করলে তারা তাকে ধাক্কা দেয়। এতে শান্ত মহাসড়কে পড়ে গেলে চলন্ত একটি গাড়ির চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ফেনী মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের খালাতো বোন নিপা রানী দাস বলেন, ইফতারের আগ মুহূর্তে মিয়াজি ফিলিং স্টেশনের সামনে শান্তর সঙ্গে আমার দেখা হয়। আমি তাকে বাসায় পৌঁছে দিতে বললে সে জানায় তার ভাড়া আছে। তখন তার অটোরিকশায় কয়েকটি বস্তা ছিল। পাশে এক ব্যক্তিকেও দাঁড়িয়ে থাকতে দেখেছি। আমার ধারণা, ইফতারের সময় নিরিবিলি পরিবেশের সুযোগ বুঝে তারা শান্তকে টার্গেট করে নিয়ে যায় ও অটোরিকশা ছিনতাই করে। জানতে চাইলে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার নিশাত তাবাসসুম বলেন- মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন