ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. মুহা. মনিরুজ্জামান। সোমবার তাকে অতিরিক্ত হিসেবে নিয়োগ দিয়ে অফিস আদেশ জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।
স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ অনুবিভাগের অতিরিক্ত সচিবের দায়িত্ব পালন করছেন মনিরুজ্জামান। প্রচলিত বিধি-বিধান অনুযায়ী অতিরিক্ত দায়িত্ব ভাতা পাবেন মনিরুজ্জামান বলে জানানো হয়েছে অফিস আদেশে। ওয়াসার আগের এমডি আব্দুস সালাম ব্যাপারী পদত্যাগ করেন। রোববার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবের দপ্তরে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। এরপর সেটি গৃহীত হয়।
অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে আব্দুস সালামকে ‘বিতর্কিত’ প্রক্রিয়ায় ঢাকা ওয়াসার এমডি হিসেবে নিয়োগ দেয়া হয়। এর আগে তিনি ছিলেন- একই সংস্থার অতিরিক্ত প্রধান প্রকৌশলী। এ পদে চাকরিকালে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল। ১৯৯১ সালে ঢাকা ওয়াসায় সহকারী প্রকৌশলী হিসেবে যোগদান করেন আব্দুস সালাম ব্যাপারী। এদিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) জানিয়েছে, আব্দুস সালামের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান চলছে।
