মিরপুরে এক রাতে তিন সরকারি দপ্তরে চুরি

ফন্ট সাইজ:

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় একই রাতে তিনটি সরকারি দপ্তরে চুরির ঘটনা ঘটেছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়, সাব-রেজিস্ট্রার কার্যালয় ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ে এসব চুরির ঘটনা ঘটে। রোববার দিবাগত রাতের কোনো এক সময় পর্যায়ক্রমে এ সব দপ্তরে চুরি করা হয়। সোমবার সকালে অফিস খুলতে এসে কর্মকর্তা-কর্মচারীরা বিষয়টি টের পান। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, চোরচক্র ৩টি দপ্তরের প্রবেশদ্বারের তালা ও জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে আলমিরায় রাখা বিভিন্ন নথিপত্রের ফাইল তছনছ অবস্থায় পাওয়া যায়। তবে গুরুত্বপূর্ণ কোনো নথিপত্র বা মালামাল চুরি হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় নড়েচড়ে বসেছে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ শুরু করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, ঘটনার পর সংশ্লিষ্ট দপ্তরগুলো পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।
তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন