নারায়ণগঞ্জে ছিনতাইকারীর কবলে পুলিশ কর্মকর্তা, অস্ত্র লুট

ফন্ট সাইজ:

নারায়ণগঞ্জ শহরে ছিনতাইকারীর কবলে পড়েছেন পুলিশের একজন সহকারী উপ-পরিদর্শক (এএসআই)। ছিনতাইকারী তার সরকারি পিস্তলটি লুট করে নিয়ে গেছেন। সোমবার সকাল পৌনে ৬টার দিকে শহরের নিতাইগঞ্জ এলাকায় নগর ভবনের সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার। তিনি জানান, লুৎফর রহমান নামে ওই পুলিশ সদস্য অন-ডিউটিতে ছিলেন। দায়িত্ব পালনের সময় তিনি টয়লেট ব্যবহারের জন্য টিমের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। তার সঙ্গে নিজের মোটরসাইকেলও ছিল। ৩ জন ছিনতাইকারী তার পথরোধ করে এবং তার সঙ্গে থাকা সরকারি পিস্তলটি লুট করে নিয়ে যায়। ঘটনার সময় ওই পুলিশ সদস্য পুলিশের পোশাকে ছিলেন। তিনি জানান, ছিনতাই ও অস্ত্র লুটের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম কাজ করছে। এদিকে স্থানীয়রা জানান, নিতাইগঞ্জ এলাকায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগরভবন, সরকারি দুʼটি হাসপাতাল থাকলেও এখানে হরহামেশা ছিনতাইয়ের ঘটনা ঘটে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন