যশোরের ভারপ্রাপ্ত জেলা জজকে অপসারণের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন

ফন্ট সাইজ:

যশোরের ভারপ্রাপ্ত জেলা জজকে অপসারণ করে নতুন জেলা জজ পদায়নের দাবি জানিয়েছে যশোর জেলা আইনজীবী সমিতি। গতকাল দুপুরে জেলা আইনজীবী সমিতির এক নম্বর ভবনের সেমিনার কক্ষে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আইরিন পারভীন আইনের বাইরে গিয়ে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন। আইনজীবীদের সঙ্গে সমন্বয় করছেন না। এতে করে ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন‌ বিচারপ্রার্থীরা। বাধ্য হয়ে আইনজীবীগণ তার আদালত বর্জন করেও কোনো প্রতিকার পাননি। তিনি এখন আইনজীবীদের বাদ রেখেই বাদী ও আসামি পক্ষের স্বজনদের নিয়ে বিচারকাজ করছেন। সেক্ষেত্রে বাড়তি পুলিশি ব্যবহারও করছেন। সমিতির সভাপতি আরও বলেন, ভারপ্রাপ্ত জেলা জজ আইনজীবীদের প্রতিপক্ষ হিসেবে দেখছেন, যা সমীচীন নয়। বিষয়টি আইনমন্ত্রীর নজরে আনা হয়েছে। ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজকে সরিয়ে অন্য যেকোনো বিচারককে দায়িত্ব দিলেই তারা এজলাসে ফিরে যাবেন বলে সংবাদ সম্মেলনে জানান তিনি। সংবাদ সম্মেলনে একইসঙ্গে সাব-জজ রাশেদুর রহমানের বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন আইনজীবীরা। অবিলম্বে তাকে সরিয়ে দেয়ার দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে সিনিয়র আইনজীবী দেবাশীষ দাস, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এম. এ. গফুরসহ অনেকেই উপস্থিত ছিলেন।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন