লীগ পর্বের পর প্লে-অফ পর্বও শেষ। উয়েফা চ্যাম্পিয়নস লীগে আজ থেকে শুরু হচ্ছে শেষ ষোলোর লড়াই। ইউরোপিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের মঞ্চে রোমাঞ্চকর রাতের সাক্ষী হতে যাচ্ছে রিয়াদ এয়ার মেট্রোপলিটানো। প্রথম লেগের স্প্যানিশ জায়ান্ট অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হচ্ছে ইংলিশ জায়ান্ট ক্লাব টটেনহ্যাম হটস্পার। চ্যাম্পিয়নস লীগে এবারই প্রথম মুখোমুখি হচ্ছে ক্লাব দু’টি। হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে রাত ২টায়। একই সময়ে ইংল্যান্ডে নিউক্যাসেল ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবে স্পেনের আরেক জায়ান্ট বার্সেলোনা।
ইতিহাস ঘাটলে দেখা যায়, ইউরোপিয়ান মঞ্চে এর আগে স্রেফ একবারই দেখা হয়েছে অ্যাটলেটিকো এবং স্পার্সের। দীর্ঘ ৬৩ বছর আগে ১৯৬৩তে ইউরোপিয়ান কাপ উইনার্স কাপের ফাইনালে মুখোমুখি হয় তারা। ম্যাচটিতে স্পার্সের কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হয় মাদ্রিদের ক্লাবটি। আজকের ম্যাচটি তাই অ্যাটলেটিকোর জন্য সেই পুরনো ক্ষতে প্রলেপ দেয়ার সুযোগ। উল্লেখ্য, ১৯৬১তে শুরু হওয়া প্রতিযোগিতাটি বন্ধ হয়ে গেছে ১৯৯৯তেই। ইংলিশ প্রিমিয়ার লীগে সময়টা একদমই অনুকূলে নেই টটেনহ্যাম হটস্পারের। রেলিগেশন অঞ্চলের ঠিক এক পয়েন্ট উপরে থাকা দলটি শেষ ১১ ম্যাচে জয়ের মুখ দেখেনি! সবশেষ ঘরের মাঠে ক্রিস্টাল প্যালেসের কাছে ৩-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর স্পার্স কোচ ইগর টুডোরের ভবিষ্যতও ঝুলছে সুতোয়। তবে ঘরোয়া লীগে ধুঁকলেও ইউরোপিয়ান মঞ্চে অদম্য তারা। প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি), বার্সেলোনা এবং ম্যানচেস্টার সিটির মতো দলগুলোকে টপকে লীগ পর্বে চারে থেকে সরাসরি শেষ ষোলোতে জায়গা করে ইংলিশ ক্লাবটি।
একই প্রত্যয় শোনা গেল স্পার্স কোচের কণ্ঠেও। টুডোর বলেন, ‘চ্যাম্পিয়ন্স লীগ আমাদের জন্য নতুন করে জেগে ওঠার মঞ্চ। এই রণতরীতে আমার সঙ্গে যারা থাকতে চায়, তারাই থাকবে।’ অন্যদিকে, প্লে-অফ পর্ব খেলে এই পর্বে জায়গা করেছে দিয়েগো সিমিওনের অ্যাটলেটিকো মাদ্রিদ। সেখানে ক্লাব ব্রুজের বিপক্ষে ৭-৪ গোলে রোমাঞ্চকর জয় তুলে নেয় লস রোহিব্লাঙ্কোসরা। সবশেষ লা লিগার ম্যাচে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ৩-২ গোলের জয়ে আত্মবিশ্বাসের সঙ্গেই স্পার্সদের আমন্ত্রণ জানাচ্ছে তারা। বিশেষ করে, ঘরের মাঠে শেষ চার ম্যাচের সবগুলোতেই কমপক্ষে তিনটি করে গোল করে নিজেদের সামর্থ্য জানান দিচ্ছে আজকের স্বাগতিকরা। তবে পা মাটিতেই রাখছেন অ্যাটলেটিকো বস। সিমিওনে বলেন, ‘সমর্থকরা এমন একটি ম্যাচের অপেক্ষায় আছেন, যেখানে আমরা আক্রমণাত্মক ফুটবল খেলবো। তবে মাথায় রাখতে হবে, টটেনহ্যাম লীগ পর্বে দুর্দান্ত খেলেছে। আমরা জয়ের পরিকল্পনা করেছি, তবে মাঠের লড়াইয়ে প্রতিপক্ষকে সমীহ করতেই হবে।’
অ্যাটলেটিকোর দূর্গে নামার আগে চোটের দীর্ঘ মিছিল কিছুটা চিন্তায় ফেলতে পারে স্পার্সকে। জেমস ম্যাডিসন, কুলুসেভস্কি এবং রদ্রিগো বেন্টানকুরসহ দলের একাধিক গুরুত্বপূর্ণ খেলোয়াড় বর্তমানে মাঠের বাইরে। তবে স্বস্তির খবর হচ্ছে, ঘরোয়া লীগে নিষিদ্ধ থাকা ক্রিস্টিয়ান রোমেরো এবং মিকি ভ্যান ডি ভেন রক্ষণে ফিরছে। স্বাগতিক শিবিরে রদ্রিগো মেন্ডোজার খেলা নিয়ে সংশয় রয়েছে। তবে আতোয়ান গ্রিজম্যান এবং শেষ ম্যাচের জোড়া গোলের নায়ক নিকো গঞ্জালেস ফিরতে পারেন শুরুর একাদশে। রাতের প্রথম ম্যাচে তুর্কিশ ক্লাব গ্যালাতাসারেইর মাঠে নামবে আরেক ইংলিশ জায়ান্ট লিভারপুল। ম্যাচটি শুরু হবে রাত পৌনে ১২টায়। জার্মান জায়ান্ট ক্লাব বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে ২টায় ঘরের মাঠের লড়াইয়ে নামবে ইতালির আতালান্তা।
