টি-টোয়েন্টি বিশ্বকাপের রেকর্ডগড়া শিরোপার উল্লাসে যখন পুরো ভারত মাতোয়ারা, ঠিক তখনই সীমান্তের ওপার থেকে ধেয়ে এলো একরাশ সমালোচনা। সূর্যকুমার যাদবদের শিরোপা জয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এক বিতর্কিত মন্তব্য করে বসলেন শোয়েব আখতার। ভারতকে ‘ধনী ঘরের বখে যাওয়া ছেলে’র সঙ্গে তুলনা করলেন পাকিস্তানের কিংবদন্তি পেসার। শোয়েবের দাবি, ভারতের একক আধিপত্যই নাকি ক্রিকেটের চিরায়ত সৌন্দর্য এবং রোমাঞ্চকে ধুলোয় মিশিয়ে দিচ্ছে!
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে টানা দ্বিতীয় ও রেকর্ড তৃতীয় শিরোপা উল্লাসে মাতে ভারত। ট্যাপম্যাড শো ‘গেম অন হ্যায়’-তে ৫০ বছর বয়সী শোয়েব বলেন, “বিষয়টি অনেকটা এরকম যে, পাড়ার এক ধনী বাচ্চা সব গরিব বাচ্চাদের দাওয়াত দিয়ে ক্রিকেট খেলতে ডাকলো। আটটি দল থেকে চারটি দল বাছাই করলো, এরপর নিজের ইচ্ছেমতো খেললো। শেষে বললো, ‘দেখো, আমি জিতেছি।’ আমার মতে, তারা ক্রিকেটের স্পিরিটটাকেই পুরোপুরি শেষ করে দিয়েছে।” তবে ফাইনালের আগেও ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’খ্যাত শোয়েবের কণ্ঠে ছিল ভিন্ন সুর। ভারতকে ফেভারিট হিসেবে স্বীকার করলেও, তিনি নিউজিল্যান্ডের হাতে শিরোপা দেখতে চেয়েছিলেন।
গত ওয়ানডে বিশ্বকাপে আহমেদাবাদে অস্ট্রেলিয়ার কাছে ভারতের হারের ক্ষত মনে করিয়ে দিয়ে তিনি বলেছিলেন, ‘ক্রিকেটের রোমাঞ্চ বাঁচিয়ে রাখতে এবার নিউজিল্যান্ডেরই জেতা উচিত।’
তবে ভারতীয় কোচ গৌতম গম্ভীরের প্রশংসা করতে ভোলেননি শোয়েব। কঠিন সময়ে শিষ্যদের আগলে রাখা এবং তাদের ওপর আস্থা রাখার যে ‘গম্ভীর নীতি’, সেটিই ভারতের এই মহাসাফল্যের নেপথ্যে বলে মনে করেন তিনি। শোয়েবের মতে, এ ধরনের আস্থা ও বিশ্বাস বড় টুর্নামেন্টগুলোতে মূল পার্থক্য গড়ে দেয়।
