লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা বিল্লাল হোসেন মিশরী হত্যা মামলার আসামি আরমান হোসেন ওরফে রহমানকে (২৮) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল সোমবার দুপুরে এ বিষয়ে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে প্রেস ব্রিফিং করেন র্যাব-১১ এর নোয়াখালী অঞ্চলের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু। এর আগে, গত রোববার সন্ধ্যায় অটোরিকশাচালক আরমানকে ঢাকার কদমতলী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
এদিকে, গতকাল সোমবার দুপুরে রায়পুর থানার সামনে ঘাতক অটোরিকশাচালক আরমানের ফাঁসির দাবিতে নিহতের স্বজন এবং কেরোয়া ইউনিয়ন বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুলসংখ্যক নেতাকর্মীরা বিক্ষোভ ও মানববন্ধন করেছেন। উল্লেখ্য, গত ৫ই মার্চ রায়পুর সাব-রেজিস্ট্রার মসজিদের বিপরীতে একটি ফলের আড়তে তরমুজ কিনতে যান কেরোয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদল সভাপতি বিল্লাল মিশরী (৪৫)। এ সময় দুই রিকশাচালকের মধ্যে মারামারি থামাতে গিয়ে হামলার শিকার হন তিনি।
এ সময় তাকে কিল-ঘুষি ও বেধড়ক মারধর করা হলে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় কবির মুহুরী নামে আরও একজন আহত হন। রায়পুর থানার ওসি শাহিন মিয়া বলেন, যুবদল নেতা হত্যার আসামি রিকশাচালক আরমানকে দুপুরে থানায় নিয়ে আসে র্যাব-১১। পরে আরমানকে আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
