ভারতে গ্রেপ্তারকৃত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের দ্রুততম সময়ের মধ্যে দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তার পরিবার। সোমবার বেলা ১২টায় ঝালকাঠির নলছিটি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে হাদির বোন মাছুমা হাদি এ দাবি জানান। হাদি হত্যার বিচার নিয়ে কোনো নাটক মঞ্চস্থ হলে, বাংলাদেশপন্থি হাদি সমর্থকদের নিয়ে তা রুখে দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তাদের পরিবারের নিরাপত্তা ও হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবি করেন তিনি। সংবাদ সম্মেলনে হাদির ভগ্নিপতি আমির হোসেন, মুফতি হানযালা নোমানী, শাহাদাত আলম ও সাথি আক্তার উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে মাছুমা হাদি অভিযোগ করেন, গত বছরের ১২ই ডিসেম্বর তার ভাই হাদিকে প্রকাশ্যে গুলি চালিয়ে হত্যা করা হয়। ঘটনার ৮৭ দিন পার হলেও তদন্তকারী সংস্থা আদালতে চার্জশীট দিতে পারেনি। জাতিসংঘের তত্ত্বাবধায়নে তদন্ত সম্পন্ন করে চার্জশীট দাখিলেরও দাবি জানান তিনি। মাছুমা হাদি বলেন, আমরা সংবাদমাধ্যমে জানতে পেরেছি, হাদি হত্যার প্রধান আসামি শুটার ফয়সাল করিম ও তার সহযোগী আলমগীর হোসেন ভারতে গ্রেপ্তার হয়েছে। বাংলাদেশ সরকারের কাছে আমাদের দাবি, ভারতের সঙ্গে বন্দিবিনিময় চুক্তি অনুযায়ী অল্প সময়ের মধ্যে খুনিদের দেশে ফিরিয়ে এনে প্রচলিত আইনের মাধ্যমে বিচার করতে হবে। এই হত্যার পেছনের নির্দেশদাতা, অর্থের জোগানদাতা, শুটারকে ভারতে পালিয়ে যেতে সহায়তাকারীসহ সকল দোষীদের নাম জনসম্মুখে প্রকাশ করতে হবে। ঘটনার সঙ্গে জড়িত সকলকে আইনের আওতায় এনে বিচার করার দাবি জানান তিনি। কোনো দায়সাড়া চার্জশীট দেয়া হলে, তা প্রত্যাখ্যান করা হবে বলেও জানান তিনি।
হাদি হত্যার বিচার নিয়ে কোনো নাটক করলে তা রুখে দেয়া হবে: ওসমান হাদির পরিবার
নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি
১০ মার্চ (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
