রূপগঞ্জে কৃষকদলের সাধারণ সম্পাদকসহ ৪ জনকে কুপিয়ে জখম

রূপগঞ্জে কৃষকদলের সাধারণ সম্পাদকসহ ৪ জনকে কুপিয়ে জখম

ফন্ট সাইজ:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তারাবো পৌর কৃষকদলের সাধারণ সম্পাদকসহ চারজনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। গুরুতর আহতদের প্রথমে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার সকালে উপজেলার তারাবো পৌরসভার রূপসী শহীদ বকুলনগর কালাবাগান এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন তারাবো পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক বাদল ভুঁইয়া, তার ছেলে আলআমিন, ভাতিজা আসাদুজ্জামান এবং ভাই আওলাদ হোসেন। জানা যায়, প্রতিবেশী নজরুল ইসলাম নতুন বাড়ি নির্মাণের সময় রাস্তার ওপর বালি ও নির্মাণসামগ্রী রাখায় রাস্তা ক্ষতিগ্রস্ত হয়। পরে বাদল ভূঁইয়া ও তার পরিবারের সদস্যরা ওই বালি দিয়ে রাস্তা সংস্কারের চেষ্টা করেন। এতে ক্ষিপ্ত হয়ে নজরুল ইসলাম, ইয়ামিন ও সৌরভসহ ১০ থেকে ১২ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাদল ভুঁইয়ার বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা বাদল ভুঁইয়াকে এলোপাতাড়ি মারধর করে এবং তার বাম চোখে শাবল দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। বাবাকে রক্ষা করতে এগিয়ে এলে আলআমিন ও আসাদুজ্জামানকে দা ও চাপাতি দিয়ে কুপিয়ে আহত করা হয়। পরে আহতদের চিকিৎসার জন্য রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানেও হামলার অভিযোগ ওঠে। হাসপাতাল চত্বরে বাদলের ভাই আওলাদ হোসেনকে লোহার রড দিয়ে দুই পায়ে আঘাত করে গুরুতর জখম করা হয়।
আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে পাঠান। এ ব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ সবজেল হোসেন বলেন, এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছে। তদন্তপুর্বক আইনী পদক্ষেপ ও আসামী গ্রেপ্তারে তৎপর রয়েছে পুলিশ।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন