প্রতিদিনের ন্যায় সোমবার দুপুরেও অটোরিকশায় যাত্রী নিয়ে গালিমপুর বাজারে যাচ্ছিলেন চালক ইয়ারব। হঠাৎ তার সামনে আবির্ভাব ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের। এমপিকে দেখে গাড়ির গতি কমিয়ে দেন ইয়ারব। এমপি তার কাছে ছুটে এসে নিজের গলার মালা খুলে পরিয়ে দেন অটোরিকশাচালক ইয়ারবের গলায়। হঠাৎ এমন কাণ্ডে হতচকিত হয়ে যায় অটোরিকশাচালক। নিজের চোখকেও যেন বিশ্বাস করতে পারছিলেন না তিনি। স্বয়ং এমপি নিজ হাতে তার গলায় ফুলের মালা পরিয়ে দিয়েছেন- এটা যেন বিশ্বাসই হচ্ছিল না ওই চালক ও সাধারণ মানুষের চোখে। সোমবার এমন দৃশ্য দেখা যায় ঢাকার নবাবগঞ্জে গালিমপুরে। এদিন স্থানীয় সাধারণ জনগণের সঙ্গে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন ঢাকা জেলা বিএনপি’র সভাপতি নব-নির্বাচিত সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। শুধু ইয়ারব একা নন, বাসচালক সালাউদ্দিন, প্রতিবন্ধী আল আমিনসহ একাধিক চালক ও সাধারণ মানুষের গলায় ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা বিনিময় করেন এমপি।
অটোরিকশাচালক ইয়ারব বলেন, একজন এমপি এসে আমাকে মালা পরিয়ে দেবে- এটা স্বপ্নেও কল্পনা করি নাই। যখন আমার গলায় মালাটা পরিয়ে দিয়েছে নিজেকে সৌভাগ্যবান মনে হয়েছে। সত্যি আমরা ভালো একজন এমপি পেয়েছি। আশা করি, তিনি সব সময় এভাবেই মানুষের পাশে থাকবেন। ফুলের মালা পেয়ে খুশি বাসচালক সালাউদ্দিন। তিনি বলেন, আমাদের তো অনেকে মানুষই মনে করেন না। সেখানে আমাদের এমপি আশফাক ভাই গাড়ি থামিয়ে নিজের গলার মালা খুলে আমাকে পরিয়ে দিয়েছে- এটা আমার জীবনে সবচেয়ে বড় উপহার। মনে হচ্ছে এবার আমরা ভুল করি নাই। সত্যিই একজন জনবান্ধব নেতা পেয়েছি। শারীরিক প্রতিবন্ধী আল আমিন বলেন, আমাদের কথা কেউ চিন্তা করে না। শরীরের ময়লার কারলে কাছে ঘেঁষে কেউ বসে না। অথচ এমপি সাব কাছে এসে আমার গলায় মালা দিলো, আবার আমার খোঁজখবরও নিলো। দোয়া করি আল্লাহ্ তাকে আরও বড় করুক। গালিমপুরের ব্যবসায়ী আবুল হোসেন বলেন, সত্যি দেশ পরিবর্তনের দিকে যাচ্ছে। এমপিরা এখন বিশ্বাস করেন জনগণই তাদের শক্তি। আজ দেখলাম আমাদের এমপি জনগণের সঙ্গে কুশল বিনিময় করছে। পরিবহন চালকদের ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন। এটা সত্যিই অসাধারণ একটা দৃশ্য। জনপ্রতিনিধিরা যদি এভাবে মানুষের কাছাকাছি থাকতে পারে তাহলে দেশ পরিবর্তন হতে সময় লাগবে না। শুভেচ্ছা বিনিময় শেষে খন্দকার আবু আশফাক এমপি বলেন, আপনারা মূল্যবান ভোট দিয়ে আমাকে জাতীয় সংসদে পাঠিয়েছেন। আমি আপনাদের কাছে দায়বদ্ধ। নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো জনগণের সেবা করার। দোহার নবাবগঞ্জে কোনো অনিয়ম, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি হতে দেবো না। আমি অপরাধের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি, আপনারা সবাই আমাদের পাশে থাকবেন। আমি জনগণের শাসক নই, সেবক হিসেবে কাজ করতে চাই।
চালকের গলায় এমপি’র মালা
নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
১০ মার্চ (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
