৫০ বস্তা সারসহ নছিমন জব্দ, চালকের কারাদণ্ড

ফন্ট সাইজ:

যশোরের অভয়নগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫০ বস্তা ডিএপি সারসহ একটি নছিমন জব্দ করা হয়েছে। অবৈধভাবে সার পরিবহনের দায়ে নছিমনের চালক সাব্বির মোল্যাকে (২০) ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত রোববার রাত ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু এ দণ্ডাদেশ দেন। সাব্বির উপজেলার আমডাঙ্গা গ্রামের মৃত হাফিজুর রহমান মোল্যার ছেলে। অপরাধ স্বীকার করে সাব্বির বলেন, সারগুলো নওয়াপাড়া বাজারের হাইস্পিড ঘাটের (শাহজাহান মোল্যার গলি) শ্রমিক আসাদুলের কাছে পৌঁছে দেয়ার কথা ছিল তার। ভ্রাম্যমাণ আদালতের পেশকার ইব্রাহিম হোসেন মুন্না জানান, রাত ১০টার দিকে উপজেলার বুইকারা গ্রামের জগবাবুর মোড় নামক স্থানে অভিযান চালানো হয়। এ সময় একটি নছিমনে অবৈধভাবে ৫০ বস্তা (প্রতি বস্তা ৫০ কেজি) ডিএপি সার পরিবহনের দায়ে চালককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ডিএপি সারসহ একটি নছিমন জব্দ করা হয়েছে। নছিমনের চালককে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু বলেন, কাগজপত্র ছাড়া অবৈধভাবে সার পরিবহনের দায়ে সার ব্যবস্থাপনা আইনে চালককে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়েছে। একইসঙ্গে সারসহ নছিমনটি জব্দের নির্দেশ দেয়া হয়।




কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন