মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে দেশে সম্ভাব্য বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় সারা দেশের সব সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ক্লাস-পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সোমবার মন্ত্রণালয়ের অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার থেকে সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ক্লাস এবং অভ্যন্তরীণ পরীক্ষা স্থগিত থাকবে। ঈদের ছুটি শেষ হওয়ার পর যথারীতি ক্লাস-পরীক্ষা শুরু হবে। মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়গুলো নেবে।
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের ফলে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা চলমান ছিল। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য ঈদুল ফিতরের ছুটি এগিয়ে এনে সোমবার (৯ই মার্চ) থেকে সব বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
নির্দেশনায় শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবিলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। এজন্য সকল পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ী ও দায়িত্বশীল অচরণ নিশ্চিত করা প্রয়োজন।
