মধ্যপ্রাচ্যের সংকট থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় হলো সংলাপ ও কূটনীতি এবং সরকার লক্ষ লক্ষ ভারতীয়ের কর্মক্ষেত্র এই অঞ্চলের পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে। সোমবার সংসদে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে দেয়া এক বিবৃতিতে এ কথা বলেছেন।
বিরোধী দলের তীব্র প্রতিবাদের আবহে রাজ্যসভায় ভাষণে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘চলমান সংঘাত এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও তীব্র করে তুলেছে।’ তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি যে, উত্তেজনা কমাতে সংলাপ এবং কূটনীতি অনুসরণ করা উচিত। আমরা চাই পশ্চিম এশিয়া স্থিতিশীল থাকুক। লক্ষ লক্ষ ভারতীয় উপসাগরীয় দেশগুলোতে রয়েছেন। আমরা তাদের নিয়ে উদ্বিগ্ন।’
এর আগে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে উপসাগরীয় অঞ্চলে কর্মরত ভারতীয়দের জীবন এবং বিশ্বব্যাপী জ্বালানির দামের ওপর সংঘাতের প্রভাব সম্পর্কে কথা বলেন।
জয়শঙ্কর তার ভাষণে বলেন, ‘এই সংঘাতের ফলে ইরানের নেতৃত্বসহ অসংখ্য হতাহতের ঘটনা ঘটেছে। আলোচনাই এগিয়ে যাওয়ার পথ বলে জোর দিয়ে তিনি বলেন, ‘এই অঞ্চলের সকল রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করাও অপরিহার্য।’
তিনি জানান, ভারতের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা কমিটি ১ মার্চ এই সংঘাতের বিষয়ে বৈঠক করেছে। কমিটি পশ্চিম এশিয়ায় ভারতীয় সম্প্রদায়ের নিরাপত্তা এবং সুরক্ষা নিয়ে উদ্বিগ্ন ছিল। আঞ্চলিক নিরাপত্তা এবং অর্থনৈতিক ও বাণিজ্যিক কর্মকাণ্ডের ওপর প্রভাব নিয়ে আলোচনা করা হয়েছে বলে তিনি বলেন।
উল্লেখ্য, ইতিমধ্যেই মধ্যপ্রাচ্য থেকে প্রায় ৫২ হাজার ভারতীয়কে ফেরত আনা হয়েছে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে।
