ইসরাইল তেহরান ও এর আশপাশে কমপক্ষে পাঁচটি জ্বালানি স্থাপনায় হামলা চালানোর পর ইরান প্রতিবেশী দেশগুলোর তেল স্থাপনায় হামলার হুমকি দিয়েছে। ইরানে জ্বালানি স্থাপনায় হামলায় রাজধানী তেহরানজুড়ে কালো ধোঁয়া ছড়িয়ে পড়েছে। এই সংঘাত বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করতে পারে। এমন আশঙ্কা আরও বেড়েছে। এ কথা জানিয়ে সাংবাদিক লোরেঞ্জো টন্ডো অনলাইন গার্ডিয়ানে লিখেছেন, রোববার ইরানের রেভ্যুলুশনারি গার্ডস, অর্থাৎ আইআরজিসি’র এক মুখপাত্র বলেন, ‘আপনারা যদি প্রতি ব্যারেল তেলের দাম ২০০ ডলারের বেশি সহ্য করতে পারেন, তাহলে এই খেলা (যুদ্ধ) চালিয়ে যান।’
তেলের দাম হু হু করে বাড়তে থাকায় যুক্তরাষ্ট্র বাজারকে শান্ত করার চেষ্টা করেছে। তারা প্রতিশ্রুতি দিয়েছে, ইরানের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হবে না। তবে ইসরাইলি বিমান হামলায় চারটি ইরানি তেলের মজুত স্থাপনায় আঘাত করার পর রোববার তেহরানের আকাশে আগুনের গোলা ও ঘন ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। ইরানের তেল বিতরণকারী কোম্পানি জানায়, এতে তাদের চারজন কর্মী নিহত হয়েছেন। শহরজুড়ে কালো কুয়াশার মতো ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং বাতাসে পোড়া তেলের গন্ধ ভেসে বেড়ায়। রাজধানীর কাছের শহর কারাজে বিস্ফোরণের শব্দ পুরো এলাকায় প্রতিধ্বনিত হয় এবং সেখানেও ধোঁয়া ছড়িয়ে পড়ে।
আইআরজিসি’র এক মুখপাত্র বলেন, জ্বালানি অবকাঠামোর ওপর হামলা অব্যাহত থাকলে ইরান পাল্টা জবাব দেবে। রাষ্ট্রীয় গণমাধ্যম তার বরাতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইল বেসামরিক মানুষ ও জ্বালানি স্থাপনাকে লক্ষ্যবস্তু করছে। তিনি বলেন, উপসাগরীয় দেশগুলো যেন তাদের থামাতে চাপ দেয়, না হলে ওই ‘অঞ্চলে একই ধরনের পদক্ষেপ নেয়া হবে’।
তবে মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট ইঙ্গিত দেন, ইরানের তেল স্থাপনাগুলোতে যে হামলা হয়েছে, তা ইসরাইল চালিয়েছে এবং ওয়াশিংটন ইরানের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করবে না। সিএনএনের সঙ্গে কথা বলতে গিয়ে রাইট দাবি করেন, তেল ও গ্যাস সরবরাহে বিঘ্ন স্বল্পস্থায়ী হবে। সবচেয়ে খারাপ পরিস্থিতিতেও তা কয়েক সপ্তাহের বেশি নয়। ইরান বিশ্ব তেল উৎপাদনের প্রায় ৪ শতাংশ জোগান দেয়, যার বড় অংশই চীনে রপ্তানি হয়।
এই উত্তেজনার মধ্যেই নিহত ইরানি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দ্বিতীয় ছেলে মোজতবা খামেনিকে তার উত্তরসূরি হিসেবে বেছে নেয়া হয়। ইরানের সর্বোচ্চ কর্তৃপক্ষ নির্বাচন করার দায়িত্বে থাকা ধর্মীয় পরিষদের সদস্যরা রোববার রাতে এই সিদ্ধান্ত ঘোষণা করেন। তারা ইরানিদের নতুন নেতার পক্ষে একত্র হওয়ার এবং জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানান। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে ওই পরিষদ জানায়, যাকে তারা “নির্ণায়ক ভোট” বলছে, তার মাধ্যমে খামেনিকে নির্বাচিত করা হয়েছে। তারা সারা দেশের নাগরিকদের, বিশেষ করে হাওজা ও বিশ্ববিদ্যালয়ের অভিজাত ও বুদ্ধিজীবীদের নতুন নেতৃত্বের প্রতি আনুগত্য জানানোর এবং ইরানের এই সংকটপূর্ণ সময়ে ঐক্য রক্ষার আহ্বান জানায়।
এই পদক্ষেপ যুদ্ধকে আরও উসকে দিতে পারে। কারণ, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আগেই স্বীকার করেছিলেন যে মোজতবা খামেনিই সবচেয়ে সম্ভাব্য উত্তরসূরি এবং তিনি স্পষ্ট করেছিলেন যে এমন পরিণতি তার কাছে গ্রহণযোগ্য নয়। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর এই প্রথম ইরানের সর্বোচ্চ নেতৃত্ব বাবা থেকে ছেলের হাতে যাচ্ছে। এমন এক রাষ্ট্রে, যা শাহের বংশানুক্রমিক শাসন উৎখাত করার ঘোষিত লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল, এই ঘটনা দেশজুড়ে রাজবংশীয় শাসনব্যবস্থা গড়ে ওঠার আশঙ্কা নিয়ে নতুন বিতর্ক উসকে দিতে পারে।
রোববার এর আগে ট্রাম্প বলেন, তেহরান আগে তার অনুমোদন না নিলে ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা বেশি দিন টিকবে না। দিনের শুরুতে ফারসি ভাষায় এক্সে করা এক পোস্টে ইসরাইলি সেনাবাহিনী বলে, তারা আলি খামেনির প্রতিটি উত্তরসূরির পিছু নেয়া অব্যাহত রাখবে এবং যেই তাকে উত্তরসূরি বানাতে চাইবে, তারও পিছু নেবে।
ইরানের হামলা উপসাগরজুড়ে জ্বালানি অবকাঠামোয় আঘাত হেনেছে, আর ইসরাইলি হামলা ইরানের ভেতরে তেল মজুত ও জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করেছে। রোববার উপসাগরীয় অঞ্চলে ইরানের নতুন দফা হামলা হয়। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন ও কুয়েত- সব দেশই হামলার কথা জানিয়েছে। সৌদি আরব বলেছে, তারা ১৫টি ড্রোন ভূপাতিত করেছে। বাহরাইনে এক হামলায় একটি গুরুত্বপূর্ণ পানি লবণ মুক্ত করণ কেন্দ্রে উপকরণগত ক্ষতি হয়েছে। সৌদি সিভিল ডিফেন্স জানিয়েছে, রোববার আল-খারজ শহরের একটি আবাসিক এলাকায় একটি ক্ষেপণাস্ত্র পড়ে দুজন নিহত এবং আরও ১২ জন আহত হয়েছেন।
রোববার সন্ধ্যায় মার্কিন সেনাবাহিনী জানায়, সৌদি আরবে মার্কিন সেনাদের ওপর ইরানি হামলায় আহত এক মার্কিন সেনাসদস্য মারা গেছে। এর ফলে এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের মৃতের সংখ্যা বেড়ে সাতজন হলো। ওয়াশিংটন পোস্ট, ফক্স নিউজ এবং আরও কিছু মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রাশিয়া ইরানকে এমন গোয়েন্দা তথ্য দিচ্ছে, যা দিয়ে তারা ওই অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে। দ্য গার্ডিয়ান স্বাধীনভাবে এই তথ্য নিশ্চিত করতে পারেনি।

লিমা
৩ মাস আগেমধ্য প্রাচ্যের মুনাফিক দের জন্য ই আজ বিশ্ব সংকট তাই এদের তছনছ করা সময়ের দাবি।