জ্বালানি তেলের অবৈধ মজুত ও অতিরিক্ত দামে বিক্রি ঠেকাতে মাঠে নামছে মোবাইল কোর্ট

ফন্ট সাইজ:

মধ্যপ্রাচ্যে চলমান সংকটের প্রেক্ষাপটে দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং বাজারে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা ঠেকাতে সারা দেশে মোবাইল কোর্ট পরিচালনার উদ্যোগ নিয়েছে সরকার। এ বিষয়ে জেলা প্রশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়া হয়েছে। গতকাল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়। সিনিয়র সহকারী সচিব (অতিরিক্ত দায়িত্ব) মো. এনামুল হক স্বাক্ষরিত ওই চিঠি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। যাতে জেলা প্রশাসকদের কাছে প্রয়োজনীয় নির্দেশনা পৌঁছে দেয়া যায়। চিঠিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির মধ্যে কিছু অসাধু ব্যবসায়ী জ্বালানি তেলের বাজারে কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে অবৈধভাবে তেল মজুত করছে এমন খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার ইতিমধ্যে যানবাহনভিত্তিক জ্বালানি তেলের বিক্রির পরিমাণ নির্ধারণ করেছে। তবে এর পরও দেশের বিভিন্ন পেট্রোল পাম্প ও ফিলিং স্টেশনে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রি, অতিরিক্ত মুনাফার আশায় মজুত বৃদ্ধি, খোলাবাজারে তেল বিক্রি এবং পাচারের প্রবণতা দেখা যাচ্ছে বলে উল্লেখ করা হয়েছে। এ অবস্থায় জ্বালানি তেলের অবৈধ মজুত, অতিরিক্ত মূল্যে বিক্রি, খোলাবাজারে বিক্রি বন্ধ করা এবং সম্ভাব্য পাচার রোধে মোবাইল কোর্ট পরিচালনার জন্য জেলা প্রশাসকদের মাধ্যমে মাঠ পর্যায়ে নজরদারি জোরদার করার অনুরোধ জানানো হয়েছে। এ নির্দেশনার অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগ এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছে। সূত্র জানায়, বৈশ্বিক অস্থিরতার মধ্যে দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থা সচল রাখতে প্রশাসনিক নজরদারি বাড়ানোর পাশাপাশি মজুত পরিস্থিতিও নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনে আরও কঠোর পদক্ষেপ নেয়া হতে পারে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন