সব নারীর জন্য নিরাপদ হোক বাংলাদেশ- জুবাইদা রহমান

ফন্ট সাইজ:

সব নারী এবং কন্যাশিশুর জন্য বাংলাদেশ নিরাপদ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। গতকাল রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহিলা ও শিশু মন্ত্রণালয় আয়োজিত ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা প্রদান উপলক্ষে এক আলোচনায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন এই সম্মাননা প্রদান করেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘গণতন্ত্রের অগ্রগতিতে শ্রেষ্ঠ অদম্য নারী’ পুরস্কারে ভূষিত করা হয়। খালেদা জিয়ার পক্ষে তার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান প্রেসিডেন্টের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন।
জুবাইদা রহমান বলেন, জাতিসংঘের একটি বহুল প্রচলিত উক্তি আছে, নারী যখন এগিয়ে যায়, তখন জাতিও এগিয়ে যায়। ইনশাআল্লাহ বাংলাদেশও এমন একটি দেশ হবে, যেখানে প্রতিটি নারী এবং কন্যাশিশু নিরাপদ, মর্যাদাবান ও সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যতের অধিকারী হবে। একইসঙ্গে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেশের সকল নারীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান তিনি।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, আজ ভারাক্রান্ত হৃদয়ে স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আপসহীন বহুদলীয় গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়াকে। গণতন্ত্রের অগ্রনারী অনন্য বেগম খালেদা জিয়া, গণতন্ত্রের মা শত অত্যাচার-অবিচারের ফলেও তিনি ছিলেন আপসহীন অবিচল, তার স্মৃতি চিরঅব্যয়, চিরক্ষয়, অমর।
জুবাইদা রহমান বলেন, তার (বেগম খালেদা জিয়ার) জীবন গুরত্বপূর্ণ শিক্ষা দেয় নারীর শক্তি তার দৃঢ়তায়, তার নেতৃত্বে শক্তি তার সাহসে। তার মন সবসময়ে জেগেছে দেশে নিষ্পেষিত নিপীড়িত মানুষের জন্য। তার বর্জ্র কণ্ঠ সদা সোচ্চার হয়েছে স্বৈরশাসন-শোষণের বিরুদ্ধে। তিনি মা, তিনি যোদ্ধা, তিনি ন্যায়বিচারক, তিনি আমাদের চলার পথের পাথেয়, গণতন্ত্রের পথ প্রদর্শক।
সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন, ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি স্টেফার লিলার, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক জিনাত আরা বক্তব্য রাখেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন