সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স: আবদুল আউয়াল মিন্টু

সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স: আবদুল আউয়াল মিন্টু

ফন্ট সাইজ:

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, সন্ত্রাসী, চাঁদাবাজ ও দখলবাজদের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স। এসব ঘটনায় যারাই জড়িত থাকুক, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি। রোববার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এসব কথা বলেন। আবদুল আউয়াল মিন্টু বলেন, আইনশৃঙ্খলা বাহিনী অবশ্যই জানে কারা এলাকার জন্য ক্ষতিকারক। তালিকার চিন্তা না করে এসব মানুষকে গ্রেপ্তারে কঠোর হন। সরকারি উন্নয়ন প্রকল্পের জন্য কিছু উত্তোলন করতে হয়। তবে অনুমোদনহীনভাবে কোনোভাবেই বালু তোলা যাবে না। এর আগে সকালে ফেনী সার্কিট হাউজে গার্ড অব অনার নেয়ার পর সাংবাদিকদের তিনি বলেন, পরিবেশ খাতে লুটপাট আগে যাই হয়েছে ভবিষ্যতে আর হবে না। লুটপাট নিয়ে দায়ী করা হবে। মন্ত্রী বলেন, ঢাকা শহরে বায়ু দূষণ পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতি। যেভাবেই হোক জনগণের জীবন মান উন্নয়নের জন্য পরিবেশের উন্নয়ন ঘটাতে হবে। আগের সরকারকে দোষ দিয়ে লাভ নেই। মাটি পোড়ানো বন্ধ করে পরিবেশবান্ধব ইটে রূপান্তর করা এক-দুই বছরে সম্ভব না। তবে আগামী প্রজন্মের জন্য বসবাসযোগ্য করে গড়ে তুলতে পরিবেশবান্ধক ব্লক ইটে যেতেই হবে। এ সময় উপস্থিত ছিলেন- ফেনী জেলা প্রশাসক মুনিরা হক, পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. নবী নেওয়াজ, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোবাশ্বের হোসেন মো. রাজিব, মন্ত্রীর ছোট ভাই দাগনভূঞা উপজেলা বিএনপি’র আহ্বায়ক আকবর হোসেন। জীবনের প্রথম নির্বাচনে জয়ী হওয়ার পর মন্ত্রী হয়ে নিজ জেলা ফেনী ও সংসদীয় আসনে এটি তার প্রথম সরকারি সফর।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন