গাজীপুরের শ্রীপুর উপজেলার টেলিহাতি ইউনিয়নের আনসার টেপিরবাড়ি গ্রামে অগ্নিকাণ্ডে বসতবাড়ির ১২টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাড়ির মালিক বিল্লাল হোসেন। শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ঘরের ভেতরে থাকা প্রায় ৫০ হাজার টাকার নগদ অর্থসহ আসবাবপত্র ও বিভিন্ন মালামাল পুড়ে যায়। এ ছাড়া, বাড়ির প্রায় ৯০ লাখ টাকার স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। জানা যায়, বাড়িটিতে মোট ১২ জন ভাড়াটিয়া বসবাস করতেন। আগুন লাগার পর মুহূর্তেই পুরো ঘরগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। এতে ভাড়াটিয়াদের অনেকেই ঘরের জিনিসপত্র বের করার সুযোগ পাননি। খবর পেয়ে শ্রীপুরের মাওনা ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে এবং কিছু সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের পর ভাড়াটিয়াদের মধ্যে কান্না ও আহাজারির দৃশ্য দেখা যায়। হঠাৎ আগুনে সবকিছু হারিয়ে তারা এখন দিশাহারা হয়ে পড়েছেন।
কোথায় থাকবেন, কীভাবে চলবেন- এ নিয়ে চরম অনিশ্চয়তায় রয়েছেন তারা। এদিকে, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণে কাজ করছে ফায়ার সার্ভিস।
শ্রীপুরে আগুনে পুড়ে ছাই ১২ কক্ষের বসতবাড়ি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
৯ মার্চ (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
