বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, দুর্নীতি বন্ধ করা গেলে বেশির ভাগ সমস্যার সমাধান হয়ে যায়। শুধু পুলিশ প্রশাসনের ওপর দায়িত্ব দিলেই চলবে না। দুর্নীতিমুক্ত দেশ গঠনে প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। রোববার দুপুরে মানিকগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এসব কথা বলেন। আফরোজা খানম রিতা আরও বলেন, টেন্ডার, সার ডিলার নিয়োগসহ সকল কাজে দলীয় পরিচয় না দেখে যোগ্যদের প্রাধান্য দিতে হবে। এ বিষয়ে বছরে জেলা প্রশাসনকে সচেতন থাকতে হবে। রিতা বলেন, জনগণ অনেক আশা করে অনেক ভরসা করে আমাদের ভোট দিয়েছেন। কী পেলাম সেটা বড় কথা নয়, জনগণ কী পেলো সেটাকে বড় করে দেখতে হবে। প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, আমি মানিকগঞ্জে পরিবর্তন আনতে চাই সেজন্য আমাকে সহযোগিতা করতে হবে। আপনাদের কাজ করতে যেখানে যেকোনো সমস্যা হলে সরাসরি আমাকে বলবেন। কোনো কিছু লুকাবেন না। কেউ কোনো অনিয়ম করতে চাইলে সরাসরি আমাকে জানাবেন। বিমানমন্ত্রী আরও বলেন, প্রত্যেকটা সরকারি অফিসে দুর্নীতিমুক্ত একটি সুন্দর প্রশাসন তৈরি করতে হবে। প্রধানমন্ত্রী সব সময় চাচ্ছেন দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে। মন্ত্রী বলেন, বিগত সময় কে কী করেছে সেটা ভুলে গিয়ে এখন থেকে চিন্তা করতে হবে দুর্নীতিকে কেউ প্রশ্রয় দেবো না। সততা এবং আদর্শ নিয়ে সবাই সম্মিলিতভাবে মানিকগঞ্জকে একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলতে হবে। আফরোজা খান রিতা বলেন, মানিকগঞ্জের কোনো ফসলি জমি যেন নষ্ট না হয়, কেউ যেন অবৈধভাবে ফসলি জমি কাটতে না পারে সে বিষয়ে প্রশাসনকে কঠোর হতে হবে। মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার সারোয়ার আলমসহ সরকারি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
‘প্রত্যেকটা সরকারি অফিস দুর্নীতিমুক্ত হতে হবে’
স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ থেকে
৯ মার্চ (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
