তেলের মজুত বাড়লেও রেশনিং করে চলতে হবে- জ্বালানি মন্ত্রী

ফন্ট সাইজ:

দু’টি তেলবাহী জাহাজ নোঙরে দেশে তেলের মজুত বাড়লেও রেশনিং করে চলতে হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। গতকাল জাতীয় প্রেস ক্লাবে উত্তরাঞ্চল ছাত্র ফোরামের উদ্যোগে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জ্বালানি মন্ত্রী বলেন, অলরেডি রোববার দুপুর ১১টায় একটা জাহাজ নোঙর করেছে এবং আরেকটা জাহাজ দুটোর সময় নোঙর করার কথা রয়েছে। তাহলে এই দুটো জাহাজ এসে তেল ডেলিভারি করার পরে আমাদের মজুতটা আরও বাড়বে। কিন্তু এর অর্থ এই নয় যে, আমরা যাচ্ছে তাইভাবে খরচ করবো। আমরা রেশনিংটা চালিয়ে যাবো। যতদিন যুদ্ধ শেষ না হয় সেই পর্যন্ত। কেন তেলের রেশনিং করতে হবে তার ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, এই যুদ্ধ কতোদিন চলবে আমরা জানি না। আমার কাছে যে মজুত আছে, সেই মজুতটা সাশ্রয় করে ব্যবহার করার জন্য জনগণের কাছে আহ্বান জানিয়েছি এবং আমরা রেশনিং শুরু করেছি। একবারে খেয়ে শেষ করার চাইতে চলার মতো ব্যবস্থা করে যদি আমরা চলি তাহলে দীর্ঘদিন চলতে পারবো। সে জন্য শনিবারও বলেছি, আমাদের তেল মজুত আছে কিন্তু রেশনিং করে চলতে হবে। যেসব জাহাজ আটকে গেছে, যেসব জাহাজ মধ্য সমুদ্রে আছে, সেগুলো আসতে আসতে যেন আমাদের এই মজুতে হাত না পড়ে। ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, মানুষের মধ্যে বিরোধীরা আতঙ্ক ছড়িয়েছে যে, আমরা হয়তো এই যুদ্ধের কারণে বিদ্যুৎ এবং জ্বালানি তেলের দাম বাড়িয়ে দেবো। আমি আশ্বস্ত করেছি যে, আপাতত আমরা বিদ্যুতের দাম বাড়াচ্ছি না। সুতরাং দাম বাড়বে বলে ভয়ে তেল ভরে মজুত করবেন না। আমি প্রত্যেককে এখানে যারা উপস্থিত আছে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল বিভিন্ন অঙ্গসংগঠনের কর্মীরা তাদের কাছে অনুরোধ থাকবে, তোমরা ভালোভাবে প্রচার করো তেলের অভাব নাই, কিন্তু রেশনিংটা চালু রাখতে হবে। একই সঙ্গে জ্বালানি তেল যাতে চোরাচালানি কিংবা কালোবাজারে না যায় সেজন্য নেতাকর্মীসহ জনগণকে সজাগ থাকার আহ্বানও জানান মন্ত্রী। ফ্যাসিস্ট সরকারের আমলে দেশের অর্থনীতির দুরবস্থা, বিদ্যুৎখাতের ভঙ্গুর অবস্থা তুলে ধরে টুকু বলেন, একটা ভঙ্গুর অবস্থা দেনাগ্রস্ত সিস্টেমকে আমরা পেয়েছি। ৭৬ হাজার কোটি টাকা বকেয়া, সেই সিস্টেমকে আমরা ইনশাআল্লাহ এখনো ভালো রেখেছি। আশা করি ভবিষ্যতেও এই সিস্টেম ভালো থাকবে। সুতরাং এসব করার জন্য আমাদের সরকারে দেয়া হয়েছে যে, আমাদের যারা ভোট দিয়েছে তাদের কাছেও আমাদের আবেদন থাকবে, তাদের সহযোগিতা দরকার। জনগণের সহযোগিতা না থাকলে সরকার স্মুথলি রান করতে পারে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ২০ দিনের সরকারের আমলে রমজানে ইফতার, তারাবিহ ও সেহরির সময়ে বিদ্যুতের যাতে লোডশেডিং না হয় সেজন্য বিশেষ নির্দেশনায় সফলতার কথা বলেন জ্বালানি মন্ত্রী।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকনসহ উত্তরাঞ্চলের ছাত্র ফোরামের নেতারা বক্তব্য রাখেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন