গতকাল ছিল বিশ্ব নারী দিবস। নারী দিবসে শিষ্যদের অভিনন্দন জানিয়ে পিটার বাটলার বলেন, “বাংলাদেশের অনেকে এই মেয়েদের ছোট করে দেখতে চান। কিন্তু আমি এই মেয়েদের নিয়ে গর্বিত। আমি সবসময় নারীর অধিকারের পক্ষে দাঁড়ানোয় বিশ্বাসী। আমি জানি আমি যখন এটি করি তখন অনেকে পছন্দ করেন না, কিন্তু আমি ঝুঁকি নিতে পিছপা হই না। আমি এই দলের হয়ে কাজ করতে পেরে গর্বিত। আমরা একটি দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেছি। আমি এই মেয়েদের নিয়ে ‘আমি’ শব্দের বদলে আমরা বলতে পছন্দ করি।” আজ নারী এএফসি এশিয়ান কাপে উজবেকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে পিটার বাটলারের শিষ্যরা। পার্থের র্যাকট্যাঙ্গুলার স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৩টায় এই ম্যাচটি জিততে পারলে কোয়ার্টার ফাইনালের সম্ভাবনা জাগবে আফঈদা-ঋতুপর্ণাদের। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে অধিনায়ক আফঈদা খন্দকারকে পাশে বসিয়ে সমর্থন যোগালেন বাংলাদেশের হেড কোচ।
‘বি’ গ্রুপে ২ ম্যাচে কোনো পয়েন্ট না নিয়ে চারে আছে বাংলাদেশ। কোনো পয়েন্ট পায়নি উজবেকিস্তানও। তবে বাংলাদেশের চেয়ে একগোল কম হজম করায় তিনে আছে তারা। আজ জিতলেই শেষ আটে খেলার সম্ভাবনা জাগিয়ে তুলবে বাংলাদেশ। তবে তাকিয়ে থাকতে হবে অনেক যদি কিন্তুর ওপরও। তিন গ্রুপে টেবিলের তিনে থাকা সেরা দুটি দল সুযোগ পাবে শেষ আটে। এশিয়ান কাপের সেরা ছয়টি দল সরাসরি খেলবে বিশ্বকাপে। পরের দুটি দলের থাকছে খেলার সুযোগ। তবে তাদের প্লে অফের পথ মারিয়ে আসতে হবে। আজকের ম্যাচটি তাই মাইলফলক হিসেবে দেখছেন বাংলাদেশ কোচ পিটার বাটলার। সংবাদ সম্মেলনে পার্থের র্যাকট্যাঙ্গুলার স্টেডিয়ামের প্রেসবক্সে বসে তিনি বলেন, ‘আমাদের সাহসী হতে হবে, আমাদের নির্ভীক হতে হবে। র?্যাঙ্কিং এক জিনিস, কিন্তু যখন আপনি মাঠে নামেন, তখন লড়াইটা হয় ১১ বনাম ১১ জনের। আমি এই দলটির ওপর বিশ্বাস রাখি। তারা অনেক চড়াই-উতরাই পেরিয়ে এসেছে। আগামীকাল (আজ) বাংলাদেশের ফুটবলের জন্য একটি মাইলফলক এবং আমরা সেখানে জয়ের জন্যই যাব এবং আমাদের সেরাটা দেব। আমার মনে হয় আগামীকালের (আজকের) ম্যাচটি ইঁদুর-বিড়াল খেলার মতো হবে।’ ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের (১১২) চেয়ে ৬৩ ধাপ এগিয়ে উজবেকিস্তান (৪৯)। এশিয়ান কাপ বাছাইয়ে উজবেকিস্তানের কাছাকাছি থাকা মিয়ানমারকে হারিয়েই এখানে এসেছে বাংলাদেশ। তার ওপর বাছাইয়ে নেপালের বিপক্ষে ড্র করেছিল উজবেকিস্তান। এসব পরিসংখ্যানই এই ম্যাচকে ঘিরে আশা যোগাচ্ছে। বাটলার বলেন, ‘আমি (বাছাইয়ের ম্যাচে) নেপালকে দেখেছি এবং আমার মনে হয় নেপাল খুব ভালো খেলেছে। উজবেকিস্তান খুবই শক্তিশালী। তাদের খেলার একটি নির্দিষ্ট ধরন আছে। তবে আমার মনে হয় আমাদের দক্ষতা এবং বল দখলে রাখার ক্ষমতা তাদের সমস্যায় ফেলতে পারে। আমি জানি তারা যেভাবে খেলবে তার ওপর ভিত্তি করে এটি একটি কঠিন ম্যাচ হতে যাচ্ছে। তারা কি রক্ষণাত্মক খেলবে নাকি আমাদের ওপর চাপ সৃষ্টি করবে।’ এশিয়ান কাপে দুই দলই আগের দুই ম্যাচ সিডনি কমব্যাংক স্টেডিয়ামে খেলেছে। যেখানে চীনের কাছে বাংলাদেশ ২ আর উজবেকিস্তান খেয়েছে ৩ গোল। তবে উত্তর কোরিয়ার বিপক্ষে বাংলাদেশের হারের ব্যবধানটা বেশি হয়েছে। উজবেকরা যেখানে হেরেছে ৩-০ গোলে, বাংলাদেশ সেখানে খেয়েছে ৫ গোল। তবে এশিয়ান কাপে
বাংলাদেশ এখনও না জিতলেও, ফুটবলারদের লড়াকু মানসিকতায় সন্তুষ্ট বাটলার বলেন, ‘আমি মনে করি আমরা অনেক দূর এসেছি, যদিও পথে অনেক বাধা ছিল। এমনকি আগামীকাল (আজ) যদি আমরা না-ও জিতি, তাতে কিছু যায় আসে না। কারণ আমরা শুধু জেতার জন্যই এখানে আসিনি। আমাদের মধ্যে যে লড়াকু মানসিকতা আছে সেটিই বড় কথা।’ চীনের বিপক্ষে শুরু থেকেই একেবাওে রক্ষনাত্মক কৌশলে পাঁচ ডিফেন্ডার নিয়ে খেলতে নেমেছিল বাংলাদেশ। তবে উত্তর কোরিয়ার বিপক্ষে কৌশলে পরিবর্তন এনেছিলেন বাটলার। চার ডিফেন্ডারের সঙ্গে চার মিডফিল্ডার ও দুই ফরোয়ার্ড নামিয়েছিলেন এই বৃটিশ কোচ। যদিও প্রথমার্ধেও শেষ দিকে সেই কৌশলে পরিবর্তন এনেছিলেন। তবে আজ শুরু থেকেই লড়াই করার মানসিকতা নিয়েই মাঠে নামার ইঙ্গিত দিয়েছেন এই কোচ। অধিনায়ক আফঈদা জানিয়েছেন, এখানে হারার কিছু নাই। তবে পাওয়ার আছে অনেক কিছু।
এএফসি নারী এশিয়ান কাপ
উজবেকদের বিপক্ষে চাপ নিচ্ছে না বাংলাদেশ
সামন হোসেন, অস্ট্রেলিয়া থেকে
৯ মার্চ (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
