দীর্ঘ ১১ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে তিন ম্যাচের দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশের মাটিতে পা রাখলো পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। গতকাল সকালে দুই ভাগে বিভক্ত হয়ে তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এর আগে শনিবার দুপুরে ৫ সদস্যের পাকিস্তান কোচিং স্টাফের একটি দল আগেই ঢাকায় এসে পৌঁছায়। বিমানবন্দরে নামার পর বিসিবি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানিয়ে বরণ করে নেন। ২০১৫ সালের এপ্রিলে শেষবার বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে এসেছিল পাকিস্তান, যেখানে টাইগারদের কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ার তিক্ত স্মৃতি নিয়ে মাঠ ছেড়েছিল তারা। আসন্ন পবিত্র রমজান এবং ঈদুল ফিতরের আগে ক্রিকেটের এই মেগা সিরিজকে কেন্দ্র করে মিরপুরের ক্রিকেট পাড়ায় এখন উৎসবের আমেজ লক্ষ্য করা যাচ্ছে। দুই দলের জন্যই এই সিরিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সামপ্রতিক টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতা কাটিয়ে তারা আবার নতুন উদ্যমে জয়ের ধারায় ফিরতে চাইছে।
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার এই মর্যাদাপূর্ণ সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে। সূচি অনুযায়ী, আগামী ১১ই মার্চ বুধবার প্রথম ওয়ানডেতে দুই দল একে অপরের মুখোমুখি হবে। এরপর ১৩ই মার্চ দ্বিতীয় এবং ১৫ই মার্চ সিরিজের শেষ ওয়ানডে ম্যাচটি মাঠে গড়াবে। প্রতিটি ম্যাচই শুরু হবে দুপুর সোয়া ২টায়। পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায়, এখন পর্যন্ত ওয়ানডে সংস্করণে দুই দল ৩৯ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে বাংলাদেশের জয় মাত্র ৫টি হলেও শেষ সাত লড়াইয়ের চিত্র ভিন্ন। শেষ সাত ওয়ানডে ম্যাচের চারটিতেই জয় তুলে নিয়েছে বাংলাদেশ, যা টাইগারদের আত্মবিশ্বাসকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। মিরপুর স্টেডিয়ামের চেনা উইকেটে দুই দলই একটি দুর্দান্ত এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ উপহার দেবে বলে আশা করছে বিসিবি এবং ক্রিকেট ভক্তরা।
ঢাকায় পাকিস্তান ক্রিকেট দল
স্পোর্টস রিপোর্টার
৯ মার্চ (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
