আশরাফুলের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ালো বিসিবি

আশরাফুলের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ালো বিসিবি

ফন্ট সাইজ:

বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে চুক্তির মেয়াদ বাড়লো মোহাম্মদ আশরাফুলের। আরও এক বছর জাতীয় দলের সঙ্গে থাকছেন টাইগারদের সাবেক এই অধিনায়ক। গত বছরের নভেম্বরে আয়ারল্যান্ড সিরিজ দিয়ে বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্ব পান আশরাফুল। পরীক্ষামূলকভাবে এক সিরিজের দায়িত্ব দেয়া হলেও পরে সেই চুক্তি বাড়ানো হয় টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। এবার আরেক দফায় বাড়ানো হলো চুক্তির মেয়াদ। ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত আশরায়াফুলের চুক্তির মেয়াদ বাড়ালো বিসিবি। আশরাফুল নিজে এই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন। পাকিস্তান সিরিজ দিয়েই বড় মেয়াদে দায়িত্ব পালন শুরু করবেন অ্যাশ। আশরাফুল ব্যাটিং কোচ থাকাবস্থায় কেবল একটি সিরিজ খেলেছে বাংলাদেশ। ওই সিরিজে ব্যাট হাতে শান্ত-মিরাজদের পারফরম্যান্স ছিল সন্তোষজনক। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ আর খেলেনি। আগামী ১১, ১৩ এবং ১৫ই মার্চ মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের তিন ম্যাচ। সবগুলো ম্যাচই হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এই সিরিজ দিয়ে নতুন চুক্তির মিশন শুরু হচ্ছে আশরাফুলের। ক্রিকেট ক্যারিয়ারে সাদা পোশাকে কনিষ্ঠতম সেঞ্চুরিয়ান আশরাফুল। একসময় বিশ্ব ক্রিকেটে টাইগারদের বড় বিজ্ঞাপণ হয়ে ওঠেন। তবে বাংলাদেশ প্রিমিয়ার লীগে ম্যাচ ফিক্সিংয়ে জড়িয়ে নিষিদ্ধ হন এই ডানহাতি ব্যাটার। শাস্তির মেয়াদ শেষে আর নিজেকে আর সেভাবে মেলে ধরতে পারেননি। এরপর প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে অবসর নেন। অবসরের পর নাম লেখান কোচিংয়ে। বিপিএল দল রংপুর রাইডার্স, ঢাকা প্রিমিয়ার লীগের দল ধানমন্ডি ক্লাব ও জাতীয় ক্রিকেট লীগে বরিশাল বিভাগের কোচের দায়িত্ব পালন করেন আশরাফুল। সামনে বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে শিষ্যদের ব্যাটিংয়ে উন্নতি করাতে পারলে ওয়ানডে বিশ্বকাপেও কোচ হিসেবে থাকতে পারেন তিনি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন