ব্যাটে-বলে সেরা ফারহান-শ্যালকউইক

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ

ব্যাটে-বলে সেরা ফারহান-শ্যালকউইক

ফন্ট সাইজ:

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের ফাইনালে পাকিস্তান, জিম্বাবুয়ে কিংবা আমেরিকার মতো দলগুলো যেতে না পারলেও তাদের ক্রিকেটাররা ব্যক্তিগত অর্জনে উজ্জ্বল ছিল। ফাইনালের আগপর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় পাকিস্তানের সাহিবজাদা ফারহান শীর্ষে অবস্থান করেন। গ্রুপ পর্বে বাদ পড়া যুক্তরাষ্ট্রের পেসার ভ্যান শ্যালকউইক তো সবাইকে চমকে দেন। ফাইনালের আগপর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় এক নম্বরে ছিলেন। ফাইনালের আগে বিশ্বকাপের ব্যক্তিগত পারফরম্যান্সের সেরা পাঁচ ব্যাটার ও বোলার নিয়ে এই প্রতিবেদন। সাবেক চ্যাম্পিয়ন পাকিস্তান এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট থেকে বিদায় নেয়। তাদের সুপার এইটে ওঠার নেপথ্যে ব্যাট হাতে বড় ভূমিকা রাখেন ওপেনার সাহিবজাদা ফারহান। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে কলম্বোয় নেদারল্যান্ডসের বিপক্ষে তিন রানের জন্য অর্ধশতক পাননি। সেই আক্ষেপ ঘুচান পরের ম্যাচে, যুক্তরাষ্ট্রের বিপক্ষে। ৭৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ডানহাতি ব্যাটার। তবে গ্রুপ পর্বে পাকিস্তানের শেষ ম্যাচে ফারহানের ব্যাট হাসেনি। ভারতের বিপক্ষে সাজঘরে ফেরেন ‘ডাক’ মেরে। নামিবিয়ার বিপক্ষে পরের ম্যাচেই পেয়ে যান সেঞ্চুরির দেখা। ৪ ছক্কা ও ১১ চারে সাজানো ইনিংসটি ফারহানের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। সুপার এইটে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেননি। ইংল্যান্ডের বিপক্ষে ফেরার ম্যাচে খেলেন ৬৩ রানের ইনিংস। সুপার এইটে পাকিস্তানের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে আরেকটি সেঞ্চুরি পান। ৫ ছক্কা ও ৯ চারে সাজানো এ ইনিংসের সুবাদে শ্রীলঙ্কাকে হারায় পাকিস্তান। আসরে ৭ ম্যাচের ৬ ইনিংসে ব্যাট করে ৭৬.৬০ গড় ও ১৬০.২৫ স্ট্রাইকরেটে ৩৮৩ রান করেন ফারহান। তালিকায় দ্বিতীয় স্থানে জিম্বাবুয়ের ব্রায়ান বেনেট। ৬ ম্যাচে ২৯২ রান করে সবাইকে তাক লাগিয়ে দেন তিনি। তবে সবচেয়ে বেশি বিধ্বংসী ছিলেন নিউজিল্যান্ডের ফিন অ্যালেন। সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরি করা ডানহাতি এ ব্যাটার ৮ ম্যাচে ৫৭.৮০ গড়ে ২০৩.৫২ স্ট্রাইক রেটে ২৮৯ রান করেন। ব্যাটারদের সেরা পাঁচে আছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম। ৮ ম্যাচে ২৮৬ রান নিয়ে তিনি চারে আছেন। ভারতের বিপক্ষে সেমিফাইনালে দুর্দান্ত সেঞ্চুরি করা জেকব বেথেল সেরা পাঁচে জায়গা করে নেন। ৮ ম্যাচে তার সংগ্রহ ২৮০ রান।
এবারের বিশ্বকাপে বোলারদের তালিকায় সবচেয়ে বড় বিস্ময় যুক্তরাষ্ট্রের শ্যাডলি ভ্যান শ্যালকউইক। মাত্র ৪ ম্যাচে ১৩ উইকেট নিয়ে তিনি এখন পর্যন্ত যৌথভাবে শীর্ষে রয়েছেন। তার ইকোনমি রেট (৬.৮৪) আধুনিক টি-টোয়েন্টি বিচারে চোখ কপালে
তোলার মতো। সমান ১৩ উইকেট শিকার করেন জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানিও। ৬ ম্যাচে তার গড় ১৪.৪৬। ইংল্যান্ডের লেগ স্পিনার আদিল রশিদ ৮ ম্যাচে ১৩ উইকেট নিয়ে অভিজ্ঞতার প্রমাণ রাখেন। ভারতের হয়ে স্পিন আক্রমণে নেতৃত্ব দেয়া বরুণ চক্রবর্তীও দুর্দান্ত ছন্দে ছিলেন। ফাইনালেন আগপর্যন্ত ৮ ম্যাচে ১৩ উইকেট নেন তিনি। সেরা পাঁচের শেষ নামটি দক্ষিণ আফ্রিকার লুঙ্গি এনগিডি। ৭ ম্যাচে ১২ উইকেট নিয়ে প্রোটিয়াদের পেস আক্রমণে ধার দেখান তিনি।

সেরা পাঁচ ব্যাটার (ফাইনালের আগে পর্যন্ত)
ক্রিকেটার ম্যাচ রান সর্বোচ্চ গড় স্ট্রাইক রেট
সাহিবজাদা ফারহান ৭ ৩৮৩ ১০০* ৭৬.৬০ ১৫৬.০২
ব্রায়ান বেনেট ৬ ২৯২ ৯৭* ১৪৬.০০ ১৩৪.৫৬
ফিন অ্যালেন ৮ ২৮৯ ১০০* ৫৭.৮০ ২০৩.৫২
এইডেন মার্করাম ৮ ২৮৬ ৮৬* ৪৭.৬৬ ১৬৫.৩১
জেকব বেথেল ৮ ২৮০ ১০৫ ৩৫.০০ ১৫২.১৭

সেরা পাঁচ বোলার (ফাইনালের আগে পর্যন্ত)
ক্রিকেটার ম্যাচ উইকেট সেরা বোলিং গড়
ভ্যান শ্যালকউইক ৪ ১৩ ৪/২৫ ৭.৭৬ ৬.৮৪
ব্লেসিং মুজারাবানি ৬ ১৩ ৪/১৭ ১৪.৪৬ ৭.৮৮
আদিল রশিদ ৮ ১৩ ৩/৩৬ ১৯.২৩ ৮.১৫
বরুণ চক্রবর্তী ৮ ১৩ ৩/৭ ১৯.০৭ ৮.৮৫
লুঙ্গি এনগিডি ৭ ১২ ৪/৩১ ১৫.৫৮ ৭.১৯

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন