কুষ্টিয়ায় দিনদুপুরে যুবককে কুপিয়ে হত্যা

কুষ্টিয়ায় দিনদুপুরে যুবককে কুপিয়ে হত্যা

ফন্ট সাইজ:

কুষ্টিয়া সদর উপজেলায় দিনদুপুরে শেখ সাগর (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চৌড়হাস কোল্ড স্টোরের পাশে এ ঘটনা ঘটে। নিহত শেখ সাগর চৌড়হাস ফুড গোডাউন এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি পেশায় একজন শ্রমিক ছিলেন। জানা যায়, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে সাগরকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ঘটনাস্থলে ফেলে রেখে যায়। পরে পথচারীরা তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয়রা। নিহত সাগরের খালাতো ভাই তৌফিক ইসলাম অভিযোগ করে বলেন, সকাল ১১টার দিকে সাগরের বন্ধু প্রবালের ভাই ভিকি ও বিজয় তাকে মারধর করে। এ সময় তারা হুমকি দিয়ে বলে, তোর ভাইকে (সাগর) ডেকে নিয়ে আয়। এরপর তিনি সাগরকে খুঁজতে বের হন। কিছুক্ষণ পরই ফোনে জানতে পারেন সাগরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি বলেন, ভাইয়ের সঙ্গে তাদের কী নিয়ে বিরোধ ছিল, তা আমি জানি না। তবে আমাকে মারধর করলে ভাই ছুটে আসবে এ উদ্দেশ্যেই তারা আমাকে মেরেছে বলে মনে হচ্ছে। আমি নিশ্চিত করে বলছি না যে তারাই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তবে সকালে তাদের ধারালো অস্ত্র হাতে এলাকায় ঘুরতে দেখেছি। হাসপাতালে নিয়ে যাওয়া দু’জন জানান, কোল্ড স্টোরের পাশে সাগরকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তারা দ্রুত মোটরসাইকেলে করে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম বলেন, হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের অসংখ্য কোপের চিহ্ন রয়েছে। বিশেষ করে গলায় গুরুতর আঘাত ছিল। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন মাতুব্বর বলেন, হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন