লিওনেল মেসিকে ঘিরে যুক্তরাষ্ট্রের ফুটবল উন্মাদনা চরমে পৌঁছেছে। তাই তো আর্জেন্টাইন মহাতারকার ম্যাচ থাকলে প্রায়শই প্রতিপক্ষকে নতুন মাঠ খুঁজতে দেখা যায়। কারণ আর কিছুই না, টিকিট চাহিদা। মেজর লীগ সকারের (এমএলএস) ম্যাচে ডিসি ইউনাইটেডও একই কাজ করলো। ইন্টার মায়ামির বিপক্ষে নিজেদের ম্যাচটি তারা নিয়ে গেল ঘরের মাঠ থেকে প্রায় ৪০ মাইল দূরে, আমেরিকান ফুটবল লীগের (এনএফএল) জায়ান্ট ক্লাব বাল্টিমোর রেভেনসের মাঠ এম অ্যান্ড টি ব্যাঙ্ক স্টেডিয়ামে। কারণ ওই একটাই, মেসি উন্মাদনা। রেকর্ড ৭২ হাজার ২৬ জন দর্শকের সামনে নিজের দ্যুত ছড়াতে ভুললেন না মেসি। রদ্রিগো ডি পলের পর গোল করলেন নিজেও। আগের ম্যাচে জোড়া গোল করা মায়ামি অধিনায়কের ক্যারিয়ার গোলসংখ্যা হলো ৮৯৯টি।
ডিসি ইউনাইটেডের মাঠে রোববার মায়ামির জয় ২-১ গোলে। এদিনের গোলের মাধ্যমে
ক্যারিয়ারের ৯০০তম গোলের একদম দোরগোড়ায় পৌঁছে গেলেন মেসি। ফুটবল ইতিহাসের স্রেফ দ্বিতীয় ফুটবলার হিসেবে এই অনন্য উচ্চতায় পৌঁছাতে তার প্রয়োজন স্রেফ একটি গোল। মেসির মায়ামিতে আগমনের পর থেকেই যুক্তরাষ্ট্রের ফুটবল সংস্কৃতিতে পরিবর্তনের হাওয়া বইছে। ডিসি ইউনাইটেডের ২০ হাজার ধারণক্ষমতাসম্পন্ন অডি ফিল্ড মেসি-ম্যানিয়া সামলানোর জন্য যথেষ্ট ছিল না। তাই ম্যাচটি সরিয়ে নেয়া হয় বাল্টিমোরের বিশাল স্টেডিয়ামে। সেটি কাজেও দেয় শতভাগ। এদিন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায়ককে দেখতে উপস্থিত হন ৭২ হাজার
২৬ জন দর্শক, যা ১৯৯৭-এর পর
ডিসি ইউনাইটেডের ঘরের ম্যাচে সর্বোচ্চ উপস্থিতির নতুন রেকর্ড। রেকর্ড দর্শকের সামনে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় মায়ামি। তবে গোল পেতে সফরকারীদের অপেক্ষা করতে হয় ১৭ মিনিট পর্যন্ত। স্বাগতিকদের ডি-বক্স থেকে বল কেড়ে নিয়ে সতীর্থের সহায়তায় নিখুঁত এক শটে মায়ামিকে এগিয়ে নেন রদ্রিগো ডি পল। এর মিনিট দশেক পরই সেই অপেক্ষা অবসান হয়। স্বদেশী তরুণ উইঙ্গার মাতেও সিলভেত্তির বাড়ানো বল ধরে বক্সে ঢুকে পড়েন মেসি। গোলকিপারের মাথার ওপর দিয়ে দারুণ এক চিপ করে বল জালে জড়ান তিনি। এই দুই গোলের লিডেই বিরতিতে যায় মেসিবাহিনী।
মাঠে ফিরে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে ওঠে ডিসি। ম্যাচের ৭৫তম মিনিটে একটি গোল শোধ করে লড়াইয়ে ফেরার ইঙ্গিতও দেয় তারা। তবে শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি স্বাগতিকরা। নির্ধারিত সময়ের শেষ দিকে আরও একটি সুযোগ পান মেসি। তবে গোলকিপার শন জনসনের দারুণ সেভে আর ব্যবধান বাড়েনি। ম্যাচের পর মেসিবন্দনায় মাতেন মায়ামি কোচ ও মেসির একসময়ের সতীর্থ হাভিয়ের মাসচেরানো। সংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আমরা সাধারণত ওর ওপর অতিরিক্ত চাপ দিই না। কারণ, লিও যা করে, সেটিকে আমরা একরকম স্বাভাবিক ধরে নিয়েছি। যখন আপনি অসাধারণ কিছু নিয়মিত দেখতে শুরু করেন, তখন তা সাধারণ মনে হতে পারে। তবে সত্যি বলতে, ও যা করছে তা অভাবনীয়। আর্জেন্টাইন কোচের মতে, মেসির এমএলএসে আগমনের পরই এখানে প্রাণের সঞ্চার ঘটেছে। তিনি আরও বলেন, ‘সব জায়গায় স্টেডিয়াম হাউজফুল থাকছে, এটা চমৎকার। আর এর পেছনে লিওর আগমনই হলো মূল কারণ।’
হার দিয়ে নতুন মৌসুম শুরু করা মায়ামি টানা দুই জয়ে ৬ পয়েন্টে ইস্টার্ন কনফারেন্স তালিকার চারে উঠে এসেছে। টানা দুই জয় ফ্লোরিডার ক্লাবটির ভক্তদের মনে স্বস্তি দিলেও, সবার নজর এখন মেসির ৯০০তম গোলের দিকেই। সেই মাইলফলক ছুঁতে মেসি সুযোগ পাচ্ছেন আগামী বৃহস্পতিবার। সেদিন কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের শেষ ষোলোর প্রথম লেগে ন্যাশভিলের মাঠে নামবে মায়ামি।
রেকর্ড দর্শকের সামনে অনন্য মেসি
আর ১ গোলের অপেক্ষা
স্পোর্টস ডেস্ক
৯ মার্চ (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
