কক্সবাজারের টেকনাফে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে আটকে রাখা নারী, পুরুষ ও শিশুসহ ৩২ জন ভুক্তভোগীকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও র্যাব। এর মধ্যে বাংলাদেশি ২১ জন, রোহিঙ্গা পুরুষ ৬ জন, নারী ২ জন ও শিশু ৩ জন রয়েছে। রোববার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, টেকনাফ থানাধীন বাহারছড়ার নোয়াখালী জুম্মাপাড়া এলাকায় মানবপাচারকারী মো. আব্দুল আলীর মালিকানাধীন একটি পেঁপে বাগানে বিপুলসংখ্যক মানুষকে আটকে রাখা হয়েছে। তথ্যের সত্যতা যাচাই করে রোববার মধ্যরাত ২টায় কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া ও র্যাব-১৫ এর একটি দল ওই এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন পেঁপে বাগান থেকে ৩২ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। তবে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারী চক্রের সদস্যরা দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, পাচারকারী চক্রের সদস্যরা উন্নত জীবনযাপন, উচ্চ বেতনের চাকরি এবং অল্প খরচে বিদেশ যাওয়ার প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের সংগ্রহ করে। এরপর সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে তাদের এই নির্জন স্থানে জড়ো করা হয়েছিল। উদ্ধারকৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, সাগরপথে মানব পাচার রোধে এবং পাচারকারী চক্র দমনে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
যৌথ অভিযান, ৩২ জন মালয়েশিয়াগামী উদ্ধার
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
৯ মার্চ (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
