অভয়নগরে হার্ডওয়্যার গোডাউনে আগুন, ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

ফন্ট সাইজ:

যশোরের অভয়নগরে ‘দত্ত হার্ডওয়্যার’ নামে একটি দোকানের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার সকালে উপজেলার নওয়াপাড়া বাজারের মুদিপট্টি-সংলগ্ন একটি ভবনের দ্বিতীয়তলায় এই আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দোকানের মালিক দিলীপ দত্ত জানান, সকাল ৭টার দিকে প্রতিবেশী এক দোকানদারের মাধ্যমে তিনি গোডাউনে আগুন লাগার খবর পান। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনি নওয়াপাড়া ফায়ার সার্ভিসকে অবহিত করেন। আগুনে গোডাউনে থাকা প্রায় ২০ লাখ টাকার হার্ডওয়্যার সামগ্রী ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে তিনি দাবি করেন।

নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে সকাল সাড়ে ৭টার দিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে ১৫ লাখ টাকা ধরা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন