সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় আব্দুল হামিদ হত্যা মামলায় নিহতের স্ত্রী নূরেজা বেগম ও শ্যালিকা রংমালা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সকালে জামালগঞ্জ থানা পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে। এর আগে চাঞ্চল্যকর এই মামলায় বিভিন্ন তথ্যের ভিত্তিতে গত শুক্রবার রাতে নয়াহালট গ্রামের অটোরিকশাচালক সাদিকুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা ঠেলাগাড়ি চালক আব্দুল হামিদকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই মো. জাকির হোসেন বাদী হয়ে জামালগঞ্জ থানায় একটি অজ্ঞাতনামা হত্যা মামলা দায়ের করেন। এজাহার সূত্রে জানা যায়, গত ১লা মার্চ ইফতারের পর সন্ধ্যা ৭টার দিকে ঠেলাগাড়ি নিয়ে বাসা থেকে বের হন হামিদ। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকেন। পরে ৫ই মার্চ জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের তেরানগর ব্রিজের দক্ষিণ পাশে লক্ষ্মীপুর বাজারগামী সড়কের পাশে একটি ধান ক্ষেতের কাছে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠান। সুরতহালে নিহতের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া যায়। জামালগঞ্জ থানার ওসি বন্দে আলী জানান, প্রাথমিক তদন্তে নিহতের স্ত্রী নূরেজা বেগম ও নিহতের শ্যালিকা রংমালাকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গত শুক্রবার একই মামলায় সাদিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
জামালগঞ্জে হত্যা মামলায় নিহতের স্ত্রী ও শ্যালিকা গ্রেপ্তার
জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি
৯ মার্চ (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
