চট্টগ্রাম বন্দরে তেল গ্যাসের ৮ জাহাজ

চট্টগ্রাম বন্দরে তেল গ্যাসের ৮ জাহাজ

ফন্ট সাইজ:

ইসরাইল-যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালি পেরিয়ে তেল-গ্যাস নিয়ে আসা আটটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। রোববার সকালে বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম এ তথ্য জানান। জাহাজগুলো ২৮শে ফেব্রুয়ারির আগেই হরমুজ প্রণালি অতিক্রম করে। এসব জাহাজের মধ্যে চারটিতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং ডিজেলসহ বিভিন্ন ধরনের জ্বালানি পণ্য নিয়ে পৌঁছেছে আরও চারটি জাহাজ। চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, নির্ধারিত সময় অনুযায়ী জাহাজগুলো বন্দরে পৌঁছেছে। খুব শিগগিরই সেগুলো থেকে তেল ও গ্যাস খালাসের কার্যক্রম শুরু করা হবে।
এদিকে, বৈশ্বিক বাজারে জ্বালানি সরবরাহ কমে যাওয়ার আশঙ্কায় সতর্ক অবস্থানে রয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। সংস্থাটি ইতিমধ্যে জ্বালানি তেল বিক্রিতে সীমা নির্ধারণ করেছে। যাতে মজুত ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে রাখা যায়। উল্লেখ্য, গত ২৮শে ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হওয়ার পর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। ফলে ওই পথ ধরে যেসব জাহাজ পরে যাত্রা করার কথা ছিল, সেগুলোর অনেকেই বর্তমানে সৌদি আরব, কাতার ও দুবাইসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন বন্দরে আটকে আছে। তবে সংঘাত শুরুর আগেই হরমুজ প্রণালি অতিক্রম করা জাহাজগুলো ধীরে ধীরে বাংলাদেশের বন্দরে পৌঁছাতে শুরু করেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এসব জাহাজ পৌঁছানোর ফলে আপাতত দেশের জ্বালানি সরবরাহ পরিস্থিতি সামাল দেয়া সহজ হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন