সরকারি নির্দেশনা অনুযায়ী সকাল ৯টা থেকে অফিস কার্যক্রম শুরু হওয়ার কথা। তবে তা মানছেন না মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বেশির ভাগ কর্মকর্তা। ঝাড়ুদার ও অফিস সহায়করা সকালে অফিস খুললেও কর্মকর্তারা আসেন নিজেদের খেয়ালখুশি মতো সময়ে। রোববার সকালে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরে গিয়ে দেখা যায় এমন চিত্র। গত ২রা মার্চ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত বাধ্যতামূলকভাবে নিজ নিজ অফিসে অবস্থানের নির্দেশ দিয়ে পরিপত্র জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। তবে, হরিরামপুরে নজরদারি আর জবাবদিহিতার অভাবে সেই নিয়মে ভাটা পড়েছে। দীর্ঘসময় অপেক্ষা করে ভোগান্তি হচ্ছে সরকারি বিভিন্ন সেবা নিতে আসা মানুষদের। ধীরগতি দেখা দিচ্ছে সরকারি কাজে।
সরজমিন দেখা যায়, সকাল ১০টা পর্যন্ত অফিসে আসেননি সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু হানিফা ও উপজেলা সমবায় কর্মকর্তা নিলুফার ইয়াসমিন। আবু হানিফা বলেন, আমি হরিরামপুরে নতুন যোগদান করেছি। পূর্বের অফিসের কিছু দাপ্তরিক কাজ বাকি থাকায় সেগুলো শেষ করার কারণে আসা হয়নি। কাজ শেষ হলে নিয়মিত সময়মতো অফিস করবো। অপরদিকে, নিলুফার ইয়াসমিনকে মুঠোফোনে কল করে সাংবাদিক পরিচয় দিয়ে জানতে চাইলে তিনি কল কেটে দেন। পরবর্তীতে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। তবে, জেলা সমবায় কর্মকর্তা ফারহানা ফেরদৌস বলেন, কেউ দপ্তরে উপস্থিত না থাকলে আমরা বিধিমালা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো। এছাড়া, সকাল ১০টা ১ মিনিটে অফিসে আসেন উপজেলা নির্বাচন কর্মকর্তা হাফিজা খাতুন। তিনি বলেন, ঢাকা থেকে আসার কারণে আজ সকালে আসতে একটু দেরি হয়েছে। ৯টা ৫৬ মিনিটে উপজেলা আনসার ও ভিডিপি অফিস খোলেন প্রশিক্ষিকা কৃষ্ণা রানী পাল। তবে, অফিসে আনসার-ভিডিপি কর্মকর্তা আসমা আক্তারকে পাওয়া যায়নি। মুঠোফোনে তিনি বলেন, আমি চারদিনের ছুটিতে আছি। দেরিতে অফিস খোলার বিষয়টি দেখছি।
বয়ড়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. আইয়ুব আলী আসেন ৯টা ৪০ মিনিটে। তিনি বলেন, গতকাল মোটরসাইকেলের হর্ন-এ সমস্যা হয়েছিল। আসার সময় সেটা ঠিক করে আসতে একটু দেরি হয়েছে। এ ছাড়া, খাদ্য কর্মকর্তা রাবেয়া সুলতানা অফিসে আসেন ৯টা ৩৯ মিনিটে। একই অফিসের উপ-পরিদর্শক মেহেদী হাসান আসেন ১০টা ৪ মিনিটে। রাবেয়া সুলতানা বলেন, আমরা সকাল সকালেই আসি। আমরা তো ৪-৫টা পর্যন্ত কাজ করি। অনেক সময় সন্ধ্যার পরেও কাজ করি। মৎস্য কর্মকর্তা মো. নুরুল ইকরাম অফিস আসেন ৯টা ২২ মিনিটে। অপরদিকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. নাজমুল হোসেনকে অফিসে আসতে দেখা যায়নি। অফিস থেকে জানানো হয়, তিনি প্রধান কার্যালয়ে গেছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার বলেন, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা সবাইকে জানিয়ে দেয়া হয়েছে। প্রত্যেক দপ্তরকে আমরাও জানিয়ে দিয়েছি। প্রত্যেকটা দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে থাকেন। আমি তাদেরকে বিষয়টি আবার জানিয়ে দিতে এবং সতর্ক করতে পারি।
হরিরামপুরে অফিস সময়ের তোয়াক্কা নেই সরকারি কর্মকর্তাদের
হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
৯ মার্চ (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
