৫ বলে ৫ উইকেট নিয়ে নিউজিল্যান্ড পেসারের বিশ্বরেকর্ড!

৫ বলে ৫ উইকেট নিয়ে নিউজিল্যান্ড পেসারের বিশ্বরেকর্ড!

ফন্ট সাইজ:

২২ গজে ‘অসম্ভব’ বলে কিছুই নেই, নিউজিল্যান্ডের পেসার ব্রেট র্যা ন্ডেল যেন তারই প্রমাণ দিলেন। প্রথম শ্রেণির ক্রিকেটের দেড়শ’ বছরের ইতিহাসে যা কেউ কখনও কল্পনাও করতে পারেনি, আজ নেপিয়ারের ম্যাকলিন পার্কে সেটিই করে দেখালেন সেন্ট্রাল স্ট্যাগসের এ দীর্ঘদেহী বোলার। ঘরোয়া আসর প্লাঙ্কেট শিল্ডে নর্দার্ন ডিস্ট্রিক্টসের বিপক্ষে টানা ৫ বলে ৫ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন তিনি।

ষষ্ঠ রাউন্ডের এ ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে সেন্ট্রাল স্ট্যাগস। ডেন ক্লিভারের প্রথম শ্রেণির দশম সেঞ্চুরিতে বড় সংগ্রহ পায় তারা। তবে আসল চমক অপেক্ষমান দ্বিতীয় দিনের সকালে। নর্দার্ন ডিস্ট্রিক্টসের ব্যাটাররা যখন ক্রিজে থিতু হওয়ার চেষ্টায় মগ্ন, তখনই শুরু হয় ‘র্যা ন্ডেল ঝড়’। এক পর্যায়ে তার বোলিং ফিগারে দেখা যায় অবিশ্বাস্য সংখ্যা, স্রেফ ৪ রান দিয়ে ৭ উইকেট! ইনিংস শেষে তার ঝুলিতে জমা হয় ২৫ রানে ৭ উইকেট, যা স্ট্যাগসের ইতিহাসে দ্বিতীয় সেরা বোলিং পারফরম্যান্স।

স্ট্যাগসের হয়ে এটি ছিল অষ্টম হ্যাটট্রিক। তবে ৩০ বছর বয়সী র্যা ন্ডেল একে নিয়ে গেলেন অনন্য উচ্চতায়। হ্যাটট্রিকের পর থেমে না গিয়ে পরের দুই বলেও উইকেট তুলে নেন তিনি। নর্দার্ন ডিস্ট্রিক্টস অলআউট হয়ে যায় কেবল ৮২ রানেই, যার মধ্যে প্রথম ৯ উইকেটের ৫টিই ছিল টানা পাঁচ ডেলিভারিতে। ২৯১ রানে পিছিয়ে থাকা নর্দার্নকে ফলো-অন করান অধিনায়ক টম ব্রুস।

এমন কীর্তিতে বিস্মিত রেকর্ডধারী স্ময়ং। চা বিরতির সময় নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে যেন ভাষা হারিয়ে ফেলেন র্যা ন্ডেল। তিনি বলেন, ‘আমি সত্যিই স্তম্ভিত। মুহূর্তটি অনেকটা স্বপ্নের মতো ছিলো। আমি শুধু ঠিক জায়গায় বল ফেলার চেষ্টা করছিলাম। হ্যাটট্রিকের পরও দলের পরিকল্পনা অনুযায়ী বল করে গেছি। আমি জানতামই না যে, এটি প্রথম শ্রেণির ক্রিকেটে বিশ্ব রেকর্ড! এটি সত্যিই দারুণ এক অনুভূতি।’
র্যা ন্ডেলের এ কীর্তি এখন বিশ্ব ক্রিকেটের আলোচনার কেন্দ্রবিন্দু। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে এমন কিছু প্রথমবার হলেও, পেশাদার ক্রিকেটে এ ঘটনা নতুন নয়। গত বছর আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্ফার দেশটির ঘরোয়া টি-টোয়েন্টি লীগে ৫ বলে ৫ উইকেট নেয়ার কীর্তি গড়েন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন