টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঠের লড়াই শেষ হবে আজ। এর আগে সামনে এলো মাঠের বাইরের রাজনীতি প্রসঙ্গ। মধ্যপ্রাচ্যে চলমান ভূ-রাজনৈতিক অস্থিরতার জেরে বিমান চলাচলে বিঘ্ন ঘটায় কলকাতায় আটকা পড়েন ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। অথচ টুর্নামেন্ট থেকে পরে বিদায় নিয়েও বিশেষ চার্টার্ড ফ্লাইটে ইংল্যান্ড ক্রিকেট দল আগে ভারত ছাড়ার অনুমতি পেয়েছে। এ কারণে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ তুলেছেন কুইন্টন ডি কক, ডেভিড মিলার এমনকি মাইকেল ভনের মতো কিংবদন্তি ক্রিকেটাররাও।
ভারতের কাছে দ্বিতীয় সেমিফাইনালে হেরে গত বৃহস্পতিবার প্রতিযোগিতা থেকে ছিটকে যায় ইংল্যান্ড। অথচ শনিবার সন্ধ্যায় মুম্বাই থেকে সরাসরি চার্টার্ড ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে উড়াল দেয় তারা। অন্যদিকে, গত সপ্তাহের রোববার ভারতের কাছে হেরে বিদায় নেয়া ওয়েস্ট ইন্ডিজ এবং বুধবার নিউজিল্যান্ডের কাছে হারা দক্ষিণ আফ্রিকা এখনও কলকাতার হোটেলেই অপেক্ষার প্রহর গুনছে।
আইসিসির এমন পক্ষপাতমূলক আচরণে ভালোভাবে নেননি প্রোটিয়া ওপেনার ডি কক। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ক্ষোভ উগড়ে দিয়ে তিনি লেখেন, ‘চমৎকার রসিকতা আইসিসি! আমাদের কাছে কোনো খবর নেই, অথচ ইংল্যান্ড আমাদের আগেই চলে যাচ্ছে? দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল স্রেফ অন্ধকারে পড়ে আছে। অবাক লাগে দেখে যে, নির্দিষ্ট কিছু দলের প্রভাব অন্যদের চেয়ে কত বেশি!’
একই সুর মেলান মিলারও। একটি ক্রিকেট ওয়েবসাইটের কমেন্ট বক্সে এ মারকুটে ব্যাটার লেখেন, ‘মজার ব্যাপার হলো, ইংল্যান্ড আমাদের পরে বিদায় নিয়েও আগে চার্টার্ড ফ্লাইটে বাড়ি ফেরার সুযোগ পেল। আর আমরা উত্তরের অপেক্ষায় প্রহর গুনছি।’ ক্যারিবিয়ান কোচ ড্যারেন স্যামিও মিলারের এ মন্তব্যকে সমর্থন জানিয়ে সরব হন।
আইসিসির এমন কর্মকাণ্ডকে ‘ক্ষমতার অপব্যবহার’ বলে আখ্যা দেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন। এক্স-এ তিনি লেখেন, ‘ইংল্যান্ড বৃহস্পতিবার হারলো এবং আজ বিমানে করে চলে যাচ্ছে। অথচ ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা গত রোববার থেকে কলকাতায় আটকা। আইসিসির টেবিলে কার কত শক্তি, সেটি দিয়ে বিচার করা মোটেও ঠিক নয়। সব দলের সাথে সমান আচরণ হওয়া উচিত।’
জানা গেছে, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের আজ একসঙ্গে একটি চার্টার্ড ফ্লাইটে জোহানেসবার্গে যাওয়ার কথা রয়েছে। সেখান থেকে ক্যারিবিয়ানরা নিজ দেশে ফিরবেন। তবে কেশব মহারাজসহ প্রোটিয়াদের একটি অংশ নিউজিল্যান্ড সফরের উদ্দেশ্যে সরাসরি রওনা হবেন।
বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে আজ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড।
