কেনিয়ায় আকস্মিক বন্যা, ২৩ জনের মৃত্যু

কেনিয়ায় আকস্মিক বন্যা, ২৩ জনের মৃত্যু

ফন্ট সাইজ:

কেনিয়ার রাজধানী নাইরোবিতে প্রবল বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। বন্যার তোড়ে ভেসে গেছে অসংখ্য যানবাহন। ব্যাহত হয়েছে বিমান পরিষেবা। শনিবার কর্তৃপক্ষ এই ক্ষয়ক্ষতির তথ্য নিশ্চিত করেছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এতে বলা হয়, বন্যা কবলিত এলাকাগুলোতে উদ্ধার তৎপরতা চালাতে কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুতো সেনা সদস্যদের সমন্বয়ে জরুরি উদ্ধারকারী দল মোতায়েন করেছেন। এক শোকবার্তায় তিনি বলেন, আমি জাতীয় রিজার্ভ থেকে দুর্গত পরিবারগুলোর জন্য অবিলম্বে জরুরি খাদ্য সহায়তা বিতরণের নির্দেশ দিয়েছি।

নাইরোবি নদী উপচে পড়ায় শিল্প এলাকা গ্রোগানে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয় এক নিরাপত্তা রক্ষী জানান, তার পরিচিত এক ডিম বিক্রেতা বৃদ্ধ নদীর স্রোতে ভেসে গিয়ে একটি গাড়ির নিচে আটকা পড়ে মারা গেছেন। উদ্ধারকারীরা পানির নিচ থেকে একের পর এক মৃতদেহ উদ্ধার করছেন। রয়টার্সের একজন প্রতিবেদক অন্তত তিনটি মৃতদেহ গাড়ির নিচে চাপা পড়া অবস্থায় দেখতে পেয়েছেন।

বন্যার পানিতে বৈদ্যুতিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বিদ্যুৎস্পৃষ্ট হয়েও বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। কেনিয়া পাওয়ার জানিয়েছে, অন্তত ১৪টি এলাকা বর্তমানে অন্ধকারে রয়েছে।

বন্যার কারণে কেনিয়া এয়ারওয়েজের অনেক ফ্লাইট নাইরোবিতে অবতরণ করতে না পেরে উপকূলীয় শহর মোম্বাসায় ঘুরিয়ে দেয়া হয়েছে। অনেক বাস চালক সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে তাদের বাসকে উদ্ধারকারী যান হিসেবে ব্যবহার করছেন।

বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ফলে পূর্ব আফ্রিকায় বৃষ্টিপাতের ধরন পাল্টে গেছে। এখন খুব অল্প সময়ে অত্যন্ত তীব্র বৃষ্টিপাত হচ্ছে, যা ভয়াবহ বন্যার সৃষ্টি করছে। ২০২৪ সালের এক গবেষণায় দেখা গেছে, জলবায়ু পরিবর্তনের কারণে এই অঞ্চলে বিধ্বংসী বৃষ্টির সম্ভাবনা আগের চেয়ে দ্বিগুণ বেড়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন