টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নেয়ার ছয় দিন পার হয়ে গেলেও ভারতের মাটিতে কার্যত ‘বন্দি’ হয়ে আছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক বিমান চলাচল ব্যবস্থা ভেঙে পড়ায় এই অচলাবস্থা তৈরি হয়েছে। দীর্ঘ অপেক্ষার পর কোনো সদুত্তর না পেয়ে আইসিসি ও নিজ দেশের বোর্ডকে ধুয়ে দিয়েছেন ক্যারিবিয়ান কোচ ড্যারেন স্যামি।
সুপার এইট পর্বে দক্ষিণ আফ্রিকা ও ভারতের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় ওয়েস্ট ইন্ডিজ। নিয়ম অনুযায়ী তাদের গত সোমবারই রওনা দেয়ার কথা ছিল। কিন্তু ইরান-ইসরাইল ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলার কারণে দুবাই, কাতার ও বাহরাইনের আকাশপথ বর্তমানে চরম ঝুঁকিপূর্ণ। ভারত থেকে সরাসরি ক্যারিবিয়ানে যাওয়ার ফ্লাইট না থাকায় দুবাই বা দোহা হয়ে ফিরতে হয় ক্রিকেটারদের। ওই অঞ্চলের আকাশপথ বন্ধ থাকায় কোনো বাণিজ্যিক ফ্লাইট চলাচল করতে পারছে না।
৫ দিন পেরিয়ে গেলেও আইসিসির পক্ষ থেকে কোনো আপডেট না পেয়ে বুধবার টুইটারে ড্যারেন স্যামি লেখেন, আমি শুধু বাড়ি ফিরতে চাই। অন্তত একটা আপডেট দিন, কিছু তো বলুন। ৫ দিন হয়ে গেল আমরা এখানে পড়ে আছি। দলের ব্যাটার শিমরন হেটমায়ারও ইনস্টাগ্রামে লিখেছেন, পরিবারকে খুব মিস করছি।
পরিস্থিতি জটিল হওয়ায় শেষ পর্যন্ত আইসিসি ও ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করেছে। জানা গেছে, রোববার একটি বিশেষ বিমানে কলকাতা থেকে প্রথমে জোহানেসবার্গ যাবেন ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। সেখান থেকে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা অ্যান্টিগার উদ্দেশ্যে রওনা দেবেন।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এক বিবৃতিতে জানিয়েছে, উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা উদ্বেগের কারণে আকাশপথের বিধিনিষেধ পরিস্থিতিকে জটিল করে তুলেছে। আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার হলো খেলোয়াড় ও স্টাফদের নিরাপদে বাড়ি ফিরিয়ে আনা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে চার্টার্ড ফ্লাইটটি রওনা দেয়ার কথা রয়েছে।
এদিকে ইংল্যান্ড দল তাদের সেমিফাইনাল শেষ হওয়ার পরপরই বিশেষ বিমানে দেশে ফেরার সুযোগ পেয়েছে। ভারত থেকে ইউরোপের আকাশপথ খোলা থাকায় তাদের ফিরতে সমস্যা হয়নি। অথচ ক্যারিবিয়ানদের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা নিয়ে খেলোয়াড়দের মধ্যে অসন্তোষ দানা বেঁধেছে।
উল্লেখ্য, আগামীকাল সোমবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নামবে এই টি-টোয়েন্টি বিশ্বকাপের।
মধ্যপ্রাচ্যে উত্তেজনা
বিশ্বকাপ থেকে বাদ পড়ার ছয় দিন, এখনও বাড়ি ফিরতে না পেরে ক্ষুব্ধ ওয়েস্ট ইন্ডিজ কোচ
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
৩ মাস আগে
৮ মার্চ (রবিবার), ২০২৬, ১১ঃ২৯ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
