ইরানের বর্তমান শাসনের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। শনিবার এয়ার ফোর্সেস ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, যতক্ষণ না তেহরান পরাজয় স্বীকার করছে বা লড়াইয়ের সক্ষমতা হারাচ্ছে, ততক্ষণ এই অভিযান চলবে। এছাড়া যুদ্ধক্ষেত্রে এখনও মার্কিন স্থলসেনা মোতায়েনের সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি। তবে মার্কিন প্রেসিডেন্ট কুর্দি বাহিনীকে এই লড়াইয়ে জড়ানোর বিষয়টি নাকচ করে দিয়েছেন। এ খবর দিয়েছে দ্য গার্ডিয়ান।
আত্মসমর্পণের সংজ্ঞা কী- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, নিঃশর্ত মানে যখন তারা পরাজয় মেনে নেবে অথবা যখন তাদের লড়াই করার মতো আর কেউ অবশিষ্ট থাকবে না। তবে যুদ্ধ পরবর্তী ইরানের রাজনৈতিক ভবিষ্যৎ বা নতুন নেতৃত্ব নির্বাচন নিয়ে হোয়াইট হাউসের সুনির্দিষ্ট কোনো পরিকল্পনার আভাস মেলেনি।
ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে গচ্ছিত সমৃদ্ধ ইউরেনিয়াম জব্দ করতে মার্কিন স্থলসেনা পাঠানো হবে কি না, এমন প্রশ্নে ট্রাম্প বলেন, আমরা এখনই এটা নিয়ে কথা বলছি না। তবে ভবিষ্যতে এটা হতে পারে। বর্তমানে আমরা কেবল তাদের ধ্বংস করছি। অন্যদিকে, সিআইএ কর্তৃক কুর্দিদের অস্ত্রশস্ত্র দেয়ার খবর চাউর হলেও ট্রাম্প স্পষ্ট করেছেন যে, তিনি এই যুদ্ধে কুর্দিদের ব্যবহার করতে চান না। তিনি বলেন, যুদ্ধ এমনিতেই জটিল, কুর্দিদের জড়িয়ে আমি একে আর জটিল করতে চাই না।
এর আগে ডেলাওয়্যারের ডোভার বিমান ঘাঁটিতে ইরানি হামলায় নিহত ৬ মার্কিন সেনার মৃতদেহ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন ট্রাম্প। সেখানে তার সঙ্গে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। এই শোকাবহ মুহূর্ত যুদ্ধের সিদ্ধান্ত নিয়ে তাকে পুনরায় ভাবাচ্ছে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নে ট্রাম্প বলেন, না, আমরা এই যুদ্ধে বড় ব্যবধানে জিতছি। আমরা তাদের পুরো শয়তানি সাম্রাজ্য গুঁড়িয়ে দিয়েছি। সেনাদের মৃত্যু প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, এটি যুদ্ধেরই অংশ।
দক্ষিণ ইরানে একটি বালিকা প্রাথমিক বিদ্যালয়ে হামলায় ১৭৫ জন প্রাণ হারানোর ঘটনায় ইরানকে দায়ী করেছেন ট্রাম্প। নিউইয়র্ক টাইমস ও সিএনএন-এর ফরেনসিক বিশ্লেষণে এই হামলাটি মার্কিন ক্ষেপণাস্ত্রের কাজ বলে উল্লেখ করলেও ট্রাম্প দাবি করেন, ইরানের গোলাবারুদ খুবই নিম্নমানের এবং লক্ষ্যভ্রষ্ট, এটি তারাই করেছে। তবে পেন্টাগন জানিয়েছে, বিষয়টি এখনও তদন্তাধীন।
শুরুতে এই অভিযান চার সপ্তাহ স্থায়ী হতে পারে বলে ধারণা দেয়া হলেও, এখন ট্রাম্প বলছেন এটি কতদিন চলবে তা নিশ্চিত নয়। যদিও তিনি একে একটি ‘স্বল্পমেয়াদী অভিযান’ হিসেবে বর্ণনা করেছেন, তবে পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে যে এই সংঘাত আরও কয়েক মাস স্থায়ী হতে পারে।
ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
৩ মাস আগে
৮ মার্চ (রবিবার), ২০২৬, ১০ঃ৫১ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
