ঝিনাইদহে জ্বালানি তেল নিতে গিয়ে মারধরের শিকার হয়ে এক তরুণ নিহত হয়েছেন। গতকাল রাত ৯টার দিকে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার একটি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। নিহত নিরব আহমেদের (২২) বাড়ি কালীগঞ্জ উপজেলার বারোবার এলাকায়।
স্থানীয় সূত্র জানায়, রাতে নিরব দুজন বন্ধুসহ মোটরসাইকেলে তেল নিতে যান। কিন্তু ফিলিং স্টেশনের বিক্রয়কর্মীরা তাকে তেল দেননি। এর কিছুক্ষণ পরেই স্টেশনের কর্মীরা বোতলে তেল ভরছিলেন। নিরব তাদের কাছে জানতে চান কেন বোতলে তেল ভরা হচ্ছে। আর তাকে কেন তেল দেয়া হয়নি। এ নিয়ে ফিলিং স্টেশনের বিক্রয়কর্মীদের সঙ্গে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বিক্রয়কর্মীরা তাকে লাঠি দিয়ে মারধর শুরু করেন। পরে নিরবকে আহত অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ জেনারেল হাসপাতালে নিয়ে যান তার বন্ধুরা।
ঝিনাইদহ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সব্যসাচী পাল সুমন গণমাধ্যমকে বলেন, মুমূর্ষু অবস্থায় নিরব নামের এক রোগীকে হাসপাতালে আনা হয়। তার কাধ ও মাথার পেছনে জখম ছিল। রাত ৯টা ৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়।
ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন বলেন, তাজ ফিলিং স্টেশনে মোটরসাইকেলের তেল নিতে গেলে সেখানকার বিক্রয়কর্মীদের সঙ্গে নিরবের হট্টগোল হয়। বিক্রয়কর্মীরা তাকে মারধর করে। হাসপাতালে নেয়ার কিছুক্ষণের মধ্যে তিনি মারা যান। তাজ ফিলিং স্টেশনের তিন বিক্রয়কর্মীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান মাহফুজ হোসেন।
এদিকে রাতেই দুটি ফিলিং স্টেশনে ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় কেন্দ্রীয় বাস টার্মিনালে রাখা তিনটি বাসে আগুন দেওয়া হয়েছে।
এর প্রতিবাদে আজ রোববার সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত ঝিনাইদহ-ঢাকা মহাসড়কের ঝিনাইদহ বাস টার্মিনাল এলাকা অবরোধ করে রাখেন বাসশ্রমিকেরা। পরে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাসে অবরোধ তুলে নেন তাঁরা।

আইয়ান আহমেদ
৩ মাস আগেবৈষম্য বিরোধী নেতার পরিচ্যে মব করতে গিয়ে পিটানি খেয়ে মরে গেছে। উভয়পক্ষেরই দোষ আছে।