ঢাকা থেকে আরও ২০, চট্টগ্রাম থেকে ১৪ ফ্লাইট বাতিল

ঢাকা থেকে আরও ২০, চট্টগ্রাম থেকে ১৪ ফ্লাইট বাতিল

ফন্ট সাইজ:

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতিতে শনিবার ২০ ফ্লাইট বাতিল করা হয়েছে। গত ২৮শে ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত মোট ২৬৮টি ফ্লাইট বাতিল করা হলো। গত ২৮শে ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতিতে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। ফলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকেও কার্যত ফ্লাইট বাতিল করতে হয়। বেবিচক সূত্র জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৮শে ফেব্রুয়ারি ২৩টি, ১লা মার্চ ৪০টি, ২রা মার্চ ৪৬টি, ৩রা মার্চ ৩৯টি, ৪ঠা মার্চ ২৮টি, ৫ই মার্চ ৩৬টি, ৬ই মার্চ ৩৪টি এবং ৭ই মার্চ ২০টি ফ্লাইট বাতিল করা হয়। এনিয়ে বাতিল করা মোট ফ্লাইটের সংখ্যা দাঁড়ালো ২৬৮।

এদিকে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার এয়ারফিল্ড বন্ধ থাকায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ১৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বিমানবন্দর সূত্রে জানা গেছে, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্য থেকে আসা দু’টি আগমনী (অ্যারাইভাল) ও একটি বহির্গামী (ডিপার্চার) ফ্লাইট। এছাড়া এয়ার আরাবিয়ার তিনটি আগমনী ও তিনটি বহির্গামী ফ্লাইট এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের তিনটি আগমনী ও দু’টি বহির্গামী ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে কিছু আন্তর্জাতিক ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে। মাসকাট থেকে সালামএয়ারের অভি-৪০১ ও অভি-৪০৩ ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করেছে। একই উড়োজাহাজ অভি-৪০২ ও অভি-৪০৪ ফ্লাইট হিসেবে যাত্রী নিয়ে চট্টগ্রাম থেকে মাস্কাটের উদ্দেশ্যে ছেড়ে গেছে। এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩৬ ফ্লাইট জেদ্দা থেকে চট্টগ্রামে এসেছে এবং বিজি-১৩৫ ফ্লাইট চট্টগ্রাম থেকে জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে গেছে। অন্যদিকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-৩২২ ফ্লাইট মাসকাট থেকে চট্টগ্রামে অবতরণ করেছে এবং বিএস-৩২১ ফ্লাইট মাসকাটের উদ্দেশ্যে ছেড়ে গেছে। গত ২৮শে ফেব্রুয়ারি থেকে শনিবারের ১৪টি ফ্লাইটসহ মোট ৬৮টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন